স্টাফ রিপোর্টার
, যশোর
কুখ্যাত চোর হিসেবে পরিচিত শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীমকে’ ফের আটক করেছে যশোরের ডিবি পুলিশ।
আটক শামীম শংকরপুর এলাকার শহিদুল ইসলাম ওরফে রবির ছেলে। শুক্রবার রাত দেড়টার দিকে শেখহাটি বাবলাতলা এলাকার একটি ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি করা সোনার গহনাও। শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি শহরের কাজীপাড়ার নুসরাত নাজনীন অসুস্থতার কারণে ঢাকায় যান। ২৮ ফেব্রুয়ারি দুপুরে বাসায় ফিরে তিনি দেখেন, সমস্ত মালামাল এলোমেলো। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই রাতেই স্পাইডার শামীম কৌশলে ঘরে ঢুকে এক জোড়া সোনার চেইন, এক জোড়া কানের দুল, ছয়টি আংটি, একটি রুপার ব্রেসলেট, একটি রুপার আংটি এবং নগদ ১৫ হাজার ৫০০ টাকা লুটে নিয়ে যায়। এতে বাড়িমালিকের ৪ লাখ ৮০ হাজার ৫০০ টাকার মালামাল খোয়া যায়।
চুরির ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন নুসরাত নাজনীন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই অলোক কুমার দে জানান, সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে শামীমকে শনাক্ত করা হয়। এরপর এক জোড়া চেইন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়, যার মূল্য দুই লাখ ৩৬ হাজার ৮৯৭ টাকা।
তিনি আরও জানান, শামীম একজন চিহ্নিত চোর। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি একাধিকবার আটকও হয়েছেন।