ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে সার মজুত করার অপরাধে বিসিআইসি’র দুই সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহফুজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন ধলহচন্দ্র ইউনিয়নের বিসিআইসি সার ডিলার নিধির সাহা এবং উমেদপুর ইউনিয়নের নায়েব আলী জোয়ার্দ্দার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপার বিভিন্ন ইউনিয়নের সারের গোডাউনে তদারকি অভিযান চালানো হয়।
এসময় দেখা যায়, নিধির সাহা ও নায়েব আলী জোয়ার্দ্দার সারের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে নিধির সাহা ২০০ বস্তা ও নায়েব আলী জোয়ার্দ্দার ৩৮ বস্তা অন্য গুদামে সার মজুত করে রেখেছেন।
এছাড়া, সারের বিক্রয় ও মজুতের নথিপত্রেও অসামঞ্জস্যতা পাওয়া যায়। সরকারি নিয়ম লঙ্ঘন করে সার মজুতের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ডিলারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় এবং সারের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি চালানো হচ্ছে।
কোনো ডিলার বা ব্যবসায়ী যদি অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানের সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।