কুষ্টিয়া প্রতিনিধি
ভেড়ামারা থানার বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে জনি ওরফে রাজিম (২৮) নামের যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকার জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) জয়নাল আবেদীন জনাকীর্ণ আদালতে পলাতক আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জনি ওরফে রাজিম ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের বাদশা মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ও দু’জনের মধ্যে গড়ে উঠা সম্পর্কের সূত্রে নিজেকে সেনা সদস্য পরিচয়দানকারী জনি ২০২২ সালের পহেলা জানুয়ারি রাতে একই উপজেলার বাসিন্দা
ওই তরুণীর বাড়িতে দেখা করেন। ওইসময় তরুণীর বাড়িতে তার বাবা-ছিলেন না। এই সুযোগে জনি তাকে ধর্ষণ করেন। এরপর থেকে ওই তরুণীকে বিয়ের প্রলোভনে দিয়ে অসংখ্যবার ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে জনিকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। তখন জনি নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে প্রমোশন নিয়ে তার অফিসে ঘুষ দেয়ার কথা বলে আট লাখ টাকা দাবি করে মেয়ের পরিবারের কাছে।
একমাত্র মেয়ের সুখের কথা ভেবে তার প্রবাসী পিতা জনির দাবিকৃত টাকাও দেন। টাকা পাওয়ার পর থেকে জনি ওই মেয়ে ও তার পরিবারের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেন। একইসাথে মেয়েটির গর্ভে তার সন্তান নয়, এবং মেয়েটিকে চরিত্রহীন হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন আসামি।
২০২৩ সালের ২ মার্চ মেয়েটি একটি পুত্রসন্তান প্রসব করেন। উপায়ান্তর না পেয়ে ২০২৩ সালের ২২ জুন তিনি কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নালিশী মামলা করেন।
মামলার তদন্তশেষে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হওয়ায় এজাহারনামীয় একমাত্র আসামির বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে ভেড়ামারা থানার উপপুলিশ পরিদর্শক মিন্টু মিয়া ২০২৩ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পিপি অ্যাড. আব্দুল মজিদ বলেন, ভেড়ামারা থানার তরুণী ধর্ষণসহ প্রতারণার অভিযোগে জনি ওরফে রাজিমের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষ্য শুনানিশেষে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সাজার আদেশ দেন।
আসামি জনি ২০২৩ সালের ১৫ জুলাই পুলিশের হাতে আটক হয়ে কারাগারে ছিলেন। পরবর্তীতের জামিনে বেরিয়ে অদ্যাবধি পলাতক আছেন বলে জানান পিপি।