মেহেরপুর প্রতিনিধ
ফেনসিডিল রাখার অভিযোগে দুই ভাইকে পৃথক মেয়াদে সাজা দিয়েছেন আদালত।
এরমধ্যে মাদক ব্যবসায়ী মকর আলীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার ভাই শুকুর আলীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মকর আলী ও শুকুর আলী মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের মনসুর আলীর ছেলে।
এ মামলায় সাইফুল ইসলাম নামে আরেক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৯ এপ্রিল দুপুরে মেহেরপুর সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শালিকা গ্রামে অভিযান চালায়। এসময় মকর আলীর কাছ থেকে ১২০ বোতল এবং শুকুর আলীর কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় তাদের আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়।
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট সাতজন আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী নজরুল ইসলাম, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান।
এছাড়া খালাসপ্রাপ্ত আসামির পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল ও এসএম. আমানুল্লাহ আল আমান।