বিশেষ প্রতিনিধি
, যশোর
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে যশোরের শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন উদ্বোধনের পাঁচ দিনের মাথায় আরও একটি খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে।
শনিবার আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজ শুরু করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে কোদাল দিয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। পরে প্রতিমন্ত্রী খালপাড়ে বৃক্ষ রোপণ করেন।
খাল পুনঃখনন কাজ উদ্বোধন শেষ প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনি অঙ্গীকার ছিলো খাল পুনঃখনন কর্মসূচি। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজের নেতৃত্ব দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজ শুরু হলো। এর মাধ্যমে ১৭টি গ্রাম জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে।
তিনি বলেন, খাল পুনঃখনন শেষ হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। দেশের অর্থনীতির ভিত মজবুত হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।
২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই কাজ বাস্তবায়ন করছে। দৈনিক মজুরির ভিত্তিতে খাল পুনঃখনন কাজ করা হবে। তিন কিলোমিটার সিরিজ খাল পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার টাকা।