সাতক্ষীরা প্রতিনিধি
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ইসমাইল শেখ (২৮) ও আব্দুল করিম (৪৮) নামে দুই বনজীবীকে অপহরণ করেছে জলদস্যুরা।
রোববার (৩ মে) সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা তাদের জিম্মি করে।
অপহরণের শিকার দুই বনজীবী যথাক্রমে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মিজানুর শেখ এবং মৃত আব্দুর রহমানের ছেলে।
ফিরে আসা বনজীবীদের সহকারী বনজীবী আকবর আলীসহ অন্যরা জানান, গত ২৮ ও ২৬ এপ্রিল এসব বনজীবী নিজ নিজ দলের সদস্যদের নিয়ে কদমতলা স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে যান।
ইসমাইল শেখ ও তার দল মাছ শিকার এবং আব্দুল করিম মধু সংগ্রহের জন্য সুন্দরবনে গিয়েছিলেন। তবে রোববার সকালে তারা মাহমুদা নদীতে অবস্থানকালে আলিম বাহিনীর সদস্যরা দু'টি নৌকাযোগে সেখানে পৌছে মোট তিনটি নৌকা থেকে দু'জনকে জিম্মি করে।
তবে মুক্তিপণের অংক এখনো তারা জানায়নি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, কোন বনজীবীকে অপহরণের বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ খবর চলমান রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, সাধারণত জিম্মি বনজীবীদের নিরাপত্তার কথা ভেবে তাদের স্বজনরা প্রশাসনকে কিছুই জানায় না।
ভুক্তোভোগীর স্বজন বা মহাজনদের কারও নিকট থেকে অভিযোগ পেলে পরবতী আইনগত ব্যবস্থা নেয়া হবে।