সুবর্ণভূমি ডেস্ক
‘আমি তৃণমূলপন্থী নই, হাতেপায়ে ধরে নির্বাচনে দাঁড় করিয়েছিল’-এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন কবীর সুমন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, কখনোই তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন না, এমনকি নিজেকে তৃণমূলপন্থী বলে মনেও করেন না।
কোলকাতার সংবাদ প্রতিদিনকে দেওয়া ওই সাক্ষাৎকারে কবীর সুমন আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করে তাকে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন এবং পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পরই পদত্যাগ করেন।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি নিয়ে খোলামেলা মত দেন সুমন। তাঁর মতে, একাধিক ভুল সিদ্ধান্তের কারণে জনসমর্থন হারিয়েছে দলটি। বিশেষ করে চাকরির সংকটকে তিনি বড় কারণ হিসেবে দেখেছেন। কবীর সুমন বলেন, চাকরির ক্ষেত্র ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ মানুষ তা ভালোভাবে নেয়নি। তবে সমালোচনার পাশাপাশি মমতা সরকারের কিছু ইতিবাচক কাজের কথাও তুলে ধরেন তিনি।
‘সবুজ সাথী’ প্রকল্পের মতো উদ্যোগকে তিনি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন সরকারকে স্বাগত জানিয়ে সুমন আশা প্রকাশ করেন, আগের মতোই নারীর নিরাপত্তা যেন বজায় থাকে। সিপিএম বা তৃণমূল—দুই আমলেই মেয়েদের নিরাপত্তা নিশ্চিত ছিল। নতুন সরকার সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও ইঙ্গিত দেন সুমন। তিনি জানান, এখন ভোট হলে তিনি আবার তৃণমূলকেই ভোট দেবেন। তবে ভবিষ্যতে শক্তিশালী কোনো কমিউনিস্ট দল সামনে এলে তাদের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা রয়েছে। এমনকি তাদের জন্য গান বাঁধার কথাও বলেন কবীর সুমন।