সুবর্ণভূমি ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল করে যে রায় দিয়েছিল, তা এক যুগ পর বাতিল করে আজ সোমবার (১১ মে) রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়।
তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই ঐতিহাসিক রায় প্রদান করেন, যেখানে বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. রেজাউল হক।
এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর দলটির ভোটের রাজনীতিতে ফেরার এবং নিজস্ব দলীয় প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ সুগম হলো।
উল্লেখ্য, ২০০৯ সালে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রেক্ষিতে ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করেছিল।
ওই রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামী লিভ টু আপিল করলে দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ১ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায়টি বাতিল করে দেন।
এর ফলে দলটির নিবন্ধনের বৈধতা পুনরুদ্ধার হলো এবং তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সব আইনি বাধা দূর হলো।