অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটকের দাবি করেছে পুলিশ। রবিবার (১০ মে) রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইছামতী গ্রামের গলাচিপা মোড় থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয় বলে জানিয়েছে স্থানীয় ক্যাম্পের পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ধূলগ্রামের মৃত গোপাল চন্দ্র সেনের ছেলে তাপস কুমার সেন (৩৩) এবং একই গ্রামের হুমায়ুন কবির সরদার ওরফে মিলুর ছেলে স্টার সরদার (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৯টার দিকে শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে ইছামতী গ্রামে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন গলাচিপা মোড়-সংলগ্ন টিটুল শিকদারের দোকানের সামনে থেকে ওই দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত একটি ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার (১১ মে) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, আটক দুইজনের বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।