ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার দহকোলা গ্রামে ধানের জমিতে পানি যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।
সোমবার (১১ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দহকোলা গ্রামে আলিমুদ্দিন ও জাহিদ বিশ্বাসের নেতৃত্বে স্থানীয় সমাজের দুই অংশ রয়েছে। গত শুক্রবার জাহিদ বিশ্বাসের সমর্থক সঞ্জয়ের ধানের জমির পানি আলিমুদ্দিনের সমর্থক রবেন মণ্ডলের জমিতে প্রবেশ করে।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে শনিবার সন্ধ্যায় সঞ্জয়কে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের আটজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ সদর থানার এসআই আবুল বাসার জানান, জমিতে পানি যাওয়া নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।