নড়াইল প্রতিনিধি
নড়াইলে বাড়ির উঠানের মাটি জোরপূর্বক কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। শনিবার (৩০ মে) সকালে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের জিকিরা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, জিকিরা গ্রামের মনিরুল ইসলাম তার ভাইয়ের কাছ থেকে পাঁচ শতক জমি কিনে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।
তার বাড়ির সামনে দিয়ে স্থানীয়দের চলাচলের সুবিধা বিবেচনা করে মনিরুল তার নিজ রেকর্ডীয় সম্পত্তি থেকে ইতিমধ্যে তিন ফুট জায়গা ছেড়ে দিয়েছেন। কিন্তু স্থানীয় আলামিন, কালাম সিকদার, মো. কামাল হোসেন, রিপন মাস্টার ও শফিকের নেতৃত্বে কতিপয় ব্যক্তি তার নিজ জমি থেকে আরও দুই ফুট জায়গা রাস্তার জন্য দাবি করেন।

মনিরুল বাকি দুই ফুট জায়গা পাশের জমির মালিকের কাছ থেকে নেওয়ার অনুরোধ জানালে, পাশের জমি থেকে রাস্তা নিলে তা বাঁকা হয়ে যাবে, এমন দাবি করে আলামিন, কালাম সিকদার ও কামাল তাদের অনুসারীদের নিয়ে মনিরুলের বাড়ির সামনে মব (জনতা) সৃষ্টি করেন।
একপর্যায়ে তারা জোরপূর্বক মনিরুলের বাড়ির উঠান কেটে ফেলেন। এ ঘটনায় নিরুপায় হয়ে অসহায় মনিরুল বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়ে অবশেষে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমি এই জায়গা কিনে বসবাস করছি। আজ সকালে আলামিন, কালাম, কামাল, রিপন মাস্টার ও শফিকের নেতৃত্বে কতিপয় লোক আমার বাড়িতে মব সৃষ্টি করে। আমাকে ও আমার স্ত্রীকে ভয় দেখিয়ে জোরপূর্বক আমার উঠান কেটে ফেলেছে।
আমি এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমি অসহায় মানুষ, আমার কোনো লোকজন নেই। আমি আমার নিজ রেকর্ডীয় সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দাবি করছি। মনিরুল ইসলামের স্ত্রী সালমা বেগম বলেন, আজ সকালে কিছু বুঝে ওঠার আগেই কামাল সিকদার তার লোকজন নিয়ে এসে আমাদের হুমকি-ধমকি দিয়ে বাড়ির উঠান কেটে ফেলেন।
আমরা মাত্র পাঁচ শতক জায়গায় বসবাস করি। এইটুকু জায়গা থেকে তিন ফুট রাস্তার জন্য ছাড়া হয়েছে। তারপরও আরও দুই ফুট দাবি করে লোকবল এনে আজ তারা আমাদের উঠান কেটে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত আলামিন, কালাম ও কামাল বলেন, গ্রামবাসীর চলাচলের সুবিধার জন্য গ্রামের সব মানুষ একত্রিত হয়ে তার বাড়ির উঠান কেটেছে। তাকে পূর্বে রাস্তার জন্য জায়গা ছাড়তে বলা হলেও তিনি তা ছাড়েননি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।