যশোর, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩০ মে,২০২৬, ০৮:১২ পিএম
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি

বিএনপিকে উদ্দেশ্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, যারা এতদিন মজলুম ছিল তারা এখন জুলুম শুরু করেছে। মজলুম যখন জালেম হয়, তখন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।

শনিবার (৩০ মে) দুপুরে সাতক্ষীরা মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির হচ্ছে বিশ্বের সকল ছাত্র সংগঠনের মধ্যে অন্যতম বড়, মেধাবী, আদর্শিক ও নৈতিকতাসম্পন্ন ছাত্র সংগঠন।

মেধার চর্চা এবং মেধাবী শিক্ষার্থী তৈরি করাই যার উদ্দেশ্য। তাদের ‘গুপ্ত’ বলে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখা যাবে না। শিবির সভাপতি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর জন্য সিট নিশ্চিতের লক্ষ্যে শিবির যখন আন্দোলন করছে, তখন বৃহত্তর ছাত্র সংগঠন দাবি করা সংগঠনের নেতারা ছিনতাই, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি ও চাঁদাবাজি নিয়ে ব্যস্ত।

ক্যাম্পাসগুলোতে শিবিরের কর্মসূচিগুলোতে যখন সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে এবং অন্য ছাত্র সংগঠনের নেতারা বহিরাগতদের ভাড়া করে এনেও তাদের কর্মসূচি সফল করতে পারছে না, তখন ছাত্রশিবিরকে তারা গুপ্ত বলছে। তাদের সেই বস্তাপচা রাজনীতি দেখে সাধারণ ছাত্র-ছাত্রীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

ইসলামের আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে একটি কল্যাণমূলক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা ছাত্রশিবিরের মূল লক্ষ্য উল্লেখ করে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ক্যাম্পাসে গেস্টরুম সংস্কৃতি ও মাদক নির্মূল করে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংগঠনটি বদ্ধপরিকর।

সরকারের অব্যবস্থাপনা ও দুর্বল নীতির কারণে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে অভিযোগ করে তিনি বলেন, এবারের ঈদযাত্রায় মানুষের চরম ভোগান্তি হয়েছে এবং সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

তিনি ছাত্রশিবির নেতাকর্মীদের কোরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করে সমাজে ত্যাগ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান। 'ঈমানী আলোয় দীপ্ত হৃদয়, সম্প্রীতির এই গান; শিকড়ের টানে এক হবো সবে, জাগবে দ্বীনি প্রাণ' এই স্লোগানকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদি হাসান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি নূরুন্নবী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ এবং সহকারী সেক্রেটারি ও সাবেক শিবির সভাপতি মো. ওমর ফারুকসহ সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ।

'সম্প্রীতির টানে শিকড়ের পানে' স্লোগানে মুখরিত এই পুনর্মিলনীতে ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক সভাপতি, সেক্রেটারীসহ কয়েকশত সদস্য উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)