স্টাফ রিপোর্টার
, যশোর
বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের কর্মপরিকল্পনা পরিষ্কার থাকতে হবে। ২০২৯ সাল পর্যন্ত এই সরকারের মেয়াদের মধ্যে আমরা বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নে যে লক্ষ্য নির্ধারণ করেছি, তা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ প্রথম তিন বছরের মধ্যে বাস্তবায়ন করতে চাই।’
তিনি বলেন, ‘বিগত সময়ে পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণ করা হয়েছে। বেসরকারি নির্ভরতা বাড়ানো হয়েছে। আমরা বিদ্যুৎ খাতে ভারসাম্য আনতে চাই।’
প্রতিমন্ত্রী বলেন, ‘গণঅভ্যুত্থান হয়েছে আইনের শাসন নিশ্চিত করার জন্য। সুতরাং এই সত্য এবং বাস্তবতা স্মরণে রেখে আমাদের সকলকে জবাবদিহিতার আওতায় আসতে হবে।’
মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম, পল্লী বিদ্যুতের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক, বিআরপিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন, পাওয়ার গ্রিডের নির্বাহী পরিচালক আব্দুল মান্নান চৌধুরী, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক রেজাউল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী অমিতের সহকারী একান্ত সচিব সুজায়েত শামীম সুমন এই তথ্য দিয়েছেন।