মাগুরা প্রতিনিধি
মাদক প্রতিরোধ, গ্রামীণ বিরোধ নিরসন এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘পুলিশ সুপার কাপ সম্প্রীতি ফুটবল ম্যাচ’। "ক্রীড়া আনে সম্প্রীতি, ক্রীড়া আনে বল, চলো সবাই খেলতে চলো" স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে শ্রীপুর উপজেলার আমতৈল হাই স্কুল মাঠে মাগুরা জেলা পুলিশ ও শ্রীপুর উপজেলা বাসিন্দাদের যৌথ উদ্যোগে এই ম্যাচের আয়োজন করা হয়।
খেলার উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "মাদকমুক্ত সমাজ গঠন, গ্রামীণ সম্প্রীতি বজায় রাখা এবং দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে।"
অনুষ্ঠানে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাকেল নিশাত আল নাহিয়ান।
সাদ্দাম হোসেন গোকীর পরিচালনায় টুর্নামেন্টের মূল ম্যাচে মুখোমুখি হয় মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ ও শ্রীপুর ফুটবল একাদশ। আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচটিতে বাংলাদেশ বেতারের খ্যাতিমান ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায়ের ধারাভাষ্য দর্শকদের বাড়তি আনন্দ জোগায়।
সম্প্রীতির এই আয়োজনকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং বিপুল দর্শকের উপস্থিতি। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে শান্তি ও সচেতনতা বৃদ্ধিতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।