সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় শিশুদের সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ‘আরেফ-তায়েমা ট্রাস্ট, সাতক্ষীরা’ এর উদ্যোগে এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন বিলকিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আহমেদুর রহিম।
কাজী সাহাবুদ্দিন সাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুলতানপুর বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ কাজী সাইদুর রহমান, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা সিনহা রাহা এবং সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, "শিশুদের সুরক্ষায় সমাজ ও পরিবারের সচেতনতা সবার আগে প্রয়োজন। উপযুক্ত পরিবেশ পেলে প্রতিটি শিশুই আগামী দিনে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে।"
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে পারিবারিক শিক্ষা অত্যন্ত জরুরি। শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন এবং নৈতিক শিক্ষার ওপর জোর দিয়ে তারা শিক্ষার্থীদের বুঝেশুনে ও সচেতনভাবে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।