স্টাফ রিপোর্টার
, যশোর
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ এখন পর্যন্ত সবচেয়ে বড় আকর্ষণের নাম লিওনেল মেসি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি যুক্তরাষ্ট্রজুড়ে আর্জেন্টাইন অধিনায়ককে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা বিশ্বকাপের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচের টিকিট নিয়ে চলছে ব্যাপক কালোবাজারি, যেখানে নির্ধারিত মূল্যের কয়েক গুণ বেশি দামে টিকিট বিক্রি হচ্ছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম করে তিন গোল করেছেন মেসি। অন্যদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে করেছেন দুটি গোল। ব্রাজিলের নেইমার এখনও মাঠে নামতে পারেননি, আর পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এখন পর্যন্ত গোলের দেখা পাননি। ফলে বর্তমান বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেসিই।
এই জনপ্রিয়তার প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচের টিকিট সংগ্রহ করতে সমর্থকদের আগ্রহ এতটাই বেশি যে, কালোবাজারে সাধারণ গ্যালারির টিকিটও স্বাভাবিক দামের চার থেকে পাঁচ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, একটি হসপিটালিটি বক্সের টিকিটের মূল্য কালোবাজারে প্রায় দুই হাজার ৩০০ মার্কিন ডলার পর্যন্ত পৌঁছেছে। এছাড়া আর্জেন্টিনার একাধিক ম্যাচের টিকিট নিয়ে তৈরি বিশেষ প্যাকেজের দাম উঠেছে প্রায় সাত হাজার ৪০০ মার্কিন ডলার। এমন মূল্যকে যুক্তরাষ্ট্রে একটি ফুটবল ম্যাচের টিকিটের ক্ষেত্রে নজিরবিহীন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে ফুটবল নিয়ে যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে, তার বড় কারণ লিওনেল মেসি। তবে এই উন্মাদনা পুরো ফুটবলকে ঘিরে নয়, বরং মূলত মেসিকেন্দ্রিক।
এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির বাবা হোর্হে মেসির অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। প্রথম ম্যাচে গোল করার পর আবেগাপ্লুত হয়ে মেসির কান্নার সঙ্গে সেই গুজবকে জড়িয়ে নানা ব্যাখ্যা দেওয়া হয়। তবে মেসির পরিবার এসব খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে। অনুশীলনেও মেসিকে বেশ প্রাণবন্ত ও হাসিখুশি দেখা গেছে।
আর্জেন্টিনা দলের প্রস্তুতিতেও কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কোচ লিওনেল স্কালোনি মিডফিল্ডকে আরও শক্তিশালী করতে লিয়ান্দ্রো পারেদেসকে দলে ফেরানোর পরিকল্পনা করছেন, যাতে মেসির কাছে আরও কার্যকরভাবে বল পৌঁছায়। পাশাপাশি আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের পরিবর্তে জুলিয়ান আলভারেজকে প্রথম একাদশে রাখার বিষয়েও কোচিং স্টাফের মধ্যে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া হবে।
বিশ্বকাপের শুরুতেই মেসিকে ঘিরে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে, তা প্রমাণ কওে, বয়স কিংবা সময় যাই হোক, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি নাম এখনও লিওনেল মেসি। তার উপস্থিতিই যেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপকে নতুন মাত্রা দিয়েছে।