ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছর পার হলেও বিচার না পাওয়া এবং তদন্তের দীর্ঘসূত্রতার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দ্রুততম সময়ের মধ্যে খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচনের জোর দাবি জানান তারা।
রবিবার (১৯ জুলাই) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া সাজিদ আব্দুল্লাহর বাবা আহসান হাবিবুল্লাহ দেলোয়ার ও তার পরিবারের সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা ‘সাজিদ হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’, ‘সাজিদের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, ‘এটি অত্যন্ত হতাশাজনক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কলঙ্কজনক যে, হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও প্রশাসন রহস্য উন্মোচন করতে পারেনি, জড়িতদের চিহ্নিত করা তো দূরের কথা। এই বিচারহীনতার সংস্কৃতির কারণে ক্যাম্পাসে অনিরাপদ পরিস্থিতি তৈরি হচ্ছে।’
প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইদানীং শিক্ষার্থীদের পক্ষে কথা বললেই বহিষ্কারের হুমকি দেওয়া হয়। এই হুমকি দেওয়া বন্ধ করে সমালোচনা গ্রহণ করতে শিখুন।’
ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, ‘এক বছর হয়ে গেছে অথচ বিচারের ক্ষেত্রে কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। প্রশাসন সবসময় দায় এড়িয়ে বলে, এগুলো রাষ্ট্রীয় প্রশাসনের কাজ, বিশ্ববিদ্যালয়ের যতটুকু করার ছিল তা করা হয়েছে। তাহলে প্রশ্ন রাখতে চাই, সাজিদের পরিবারকে যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, সেটা কেন এখনও দেওয়া হয়নি? এটিও কি রাষ্ট্রীয় প্রশাসনের কাজ?’
নিহত সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘এক বছর পরে এখানে দাঁড়িয়ে বিচারের দাবিতে কথা বলতে হবে, তা কখনও চিন্তা করিনি। এক বছরেও কেন আমার ছেলে হত্যার বিচার পাবো না? কেন একজন আসামিও গ্রেপ্তার হয় না? আমি যাকে হারিয়েছি তাকে তো আর ফিরে পাবো না, তাই বলে কি বিচারও পাবো না?
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের ক্ষমতা খাটিয়ে সাজিদ হত্যার বিচার নিশ্চিত করুন এবং দায়মুক্ত হন। দেশে আইন-আদালত সবই আছে, তবুও কেন বিচার হতে অসুবিধা কোথায়?’