নড়াইল প্রতিনিধি
মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে শুধু প্রশাসনের ওপর দায় চাপিয়ে না দিয়ে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নড়াইল-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী।
রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে চলমান খাল খননসহ জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
একই সভায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ‘জিরো টলারেন্স’ নীতির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি যুবসমাজকে রক্ষায় মাদকের উৎস বন্ধের পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
এর আগে দুই সংসদ সদস্য লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।