খুলনা প্রতিনিধি
খুলনায় চার সাংবাদিকের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের কাছে স্মারকলিপি দিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা।
রোববার (১৯ জুলাই) বিকেলে কেএমপি কমিশনারের সম্মেলন কক্ষে স্মারকলিপি গ্রহণ করে কমিশনার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার শাহনেওয়াজ ও সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) ত ম রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুলনা মহানগরীর সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই রাতে শান্তিধাম মোড়ে একটি চায়ের দোকানে বসে থাকা কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি ছোড়ে।
গুলি সাংবাদিক রকিবুল ইসলাম মতির বসা টুলে আঘাত করে এবং সাংবাদিক আওয়াল শেখের বুকের ডান পাশ ছুঁয়ে বেরিয়ে গেলে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এমইউজে নেতারা স্মারকলিপিতে খুলনায় অতীতে সাংবাদিক হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হয়েছে বলে উল্লেখ করেন। একই সঙ্গে সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হামলাকে সংবাদপত্রের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি আখ্যা দিয়ে দ্রুত বিচার এবং নগরীর সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
স্মারকলিপি প্রদানকালে বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, রফিউল ইসলাম টুটুলসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।