সাতক্ষীরা প্রতিনিধি
স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে সাতক্ষীরা সদর উপজেলার খুলনা রোড মোড় এলাকায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সমন্বিত টাস্কফোর্স অভিযান চালিয়েছে। বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ব্যাটালিয়ন আনসার, পুলিশ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশন এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
অভিযানে নিবন্ধন, ড্রাগ লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার (ক্লিনিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্টসহ প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র যাচাই করা হয়। এসবের ঘাটতি থাকায় তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়।
এছাড়া আরও কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রচলিত আইন-বিধি মেনে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এ ধরনের তদারকি ও আইন প্রয়োগমূলক অভিযান নিয়মিত চলবে।