মাগুরা প্রতিনিধি
সংসারের হাল ধরতে দুবাই পাড়ি দিতে চেয়েছিলেন লিখন মৃধা (২৪)। ধারদেনা করে অনেক কষ্টে ভিসা জোগাড় করেন। আর মাত্র ছয়দিন পর আগামী ১৫ জানুয়ারি রাতে তার বিমানে ওঠার কথা ছিল।
শুক্রবার (০৯ জানুয়ারি) বিকালে বাড়ির পাশে পুকুর সেচে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান লিখন। মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের মৃত পিন্টু মৃধার ছেলে।
শুক্রবার বিকালে ঘটনাস্থলে ছেলের লাশের পাশে বসে আহাজারি করছিলেন লিখনের মা লাখি বেগম।
তিনি বলেন, ‘আগামী বৃহস্পতিবার আমার ছেলের বিমানে ওঠার কথা ছিল। আমাদের অভাবের সংসার। দুবাই গিয়ে সংসারে সুখ আনতে চেয়েছিল ছেলেটা। কিন্তু আমাদের স্বপ্ন ভেঙে গেলো। লিখনের এক মেয়ে দুই মাস আগে অসুস্থ হয়ে মারা যায়।’
লাখি বেগম আরো বলেন, চার লাখ টাকা খরচ করে ভিসা পেয়েছিলেন লিখন। ধার, কিস্তি করে টাকা জোগাড় করেছিলেন। চুরমার হয়ে গেলো লিখনের বিদেশ যাওয়ার স্বপ্নও-এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান বলেন, শুক্রবার বিকালে বাড়িরপাশে একটি পুকুর থেকে মোটরলাইন দিয়ে পানি সেচে মাছ ধরছিলেন। পরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।