বাগেরহাট প্রতিনিধি
ছবি: মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী সানজিদা ইসলাম জুই অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন
জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, স্বাধীনতা-চেতনার পুনর্জাগরণ এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে বাগেরহাটের মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
আলোচনা সভা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন খান। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাদের আত্মত্যাগের আদর্শ হৃদয়ে ধারণ করে সত্য, ন্যায় ও দেশপ্রেমের চেতনায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।’
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুল হাই, মাওলানা আব্দুল কাইউম, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুল গনি, বাংলা প্রভাষক আতিয়ার রহমান, সাইফুল ইসলাম, এস. এম. নাসিরুল ইসলাম, আরিফুল ইসলাম, নাসরিন সুলতানা চুমকি, মোর্শেদা আক্তার, অনুপমা রায় এবং রোদেলা ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা তরিকুল ইসলাম বাগেরহাটী।
বক্তারা বলেন, ইতিহাসের গৌরবময় অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, শহীদদের আত্মত্যাগ এবং জাতীয় চেতনার বিভিন্ন দিক সৃজনশীলভাবে তুলে ধরে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শহীদ আবু সাইদকে নিয়ে আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থী সানজিদা ইসলাম জুই অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।