যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরের মোবারকপুর মহিলা আলিম মাদরাসা

শিক্ষকদের দ্বন্দ্বের বলি শিক্ষার্থীরা

গোলাম মোস্তফা

, যশোর

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ১০:০০ এ এম
শিক্ষকদের দ্বন্দ্বের বলি শিক্ষার্থীরা

যশোরের মণিরামপুরের রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলিম মাদরাসা থেকে দুই শিক্ষার্থী এ বছর আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দু’জনই ফেল করেছেন।

আলিম পরীক্ষায় যশোরের শতভাগ ফেল করার দুটি প্রতিষ্ঠানের মধ্যে রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলিম মাদরাসা একটি।

এদিকে, প্রতিষ্ঠানটিতে খোঁজ নিয়ে জানা গেছে, নানা অভিযোগের কারণে সুপার মাদরাসায় যেতে পারেন না। অভিভাবকরা তালা ঝুলিয়ে দেওয়ায় সুপারের রুম বন্ধ রয়েছে। সুপার বা ভারপ্রাপ্ত সুপার ছাড়া এ প্রতিষ্ঠান চলছে প্রায় এক বছর ধরে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজগঞ্জ মোবারকপুর মহিলা আলিম মাদরাসা ১৯৯৫ সালের আগস্ট মাসে দাখিল এবং ১৯৯৬ সালে ২১ নভেম্বর আলিম বিভাগের অনুমোদন পায়। পরবর্তীতে দাখিল পর্যন্ত শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত হলেও পর্যাপ্ত শিক্ষার্থীসহ অন্যান্য শর্তাদি পূরণ না হওয়ায় আলিম শ্রেণি এমপিও হয়নি। তবে, শুরু থেকে নজরুল ইসলাম ও রুহুল কুদ্দুস নামে দুইজন প্রভাষক মাদরাসায় এলেও আলিম শ্রেণি এমপিও না হওয়ায় কয়েক বছর পর তারাও আর আসেন না। আলিম শ্রেণির শিক্ষার্থীরা নিজ চেষ্টায় পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন। কেউ পাস করেছেন কেউবা ফেল। যদিও প্রতিষ্ঠানটিতে কোনো রেজিস্ট্রার না থাকায় এসব তথ্য মৌখিকভাবেই জানতে হয়।

২০২৫ সালে ৬ ডিসেম্বর মাদরাসার অভিভাবকদের একটি সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মো. আব্বাস আলী। সেখানে মাদরাসার সুপার মো. আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও টাকা আত্মসাতের বিষয়টি ওঠে। ওই সভার সিদ্ধান্তসমূহ রেজুলেশন আকারে ৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া হয়। এরপর ১ জানুয়ারি থেকে সুপার আব্দুস সালাম আর মাদরাসায় যেতে পারেননি। এ ঘটনায় উপজেলা প্রশাসন জানুয়ারি মাস থেকে সুপারের বেতনভাতা বন্ধ করে দেয়।

আব্দুস সালাম বাইরে থেকে মাদরাসা পরিচালনা করলে অভিভাবকরা ২০২৬ সালের জুলাই মাসে সুপারের রুমে তালা ঝুলিয়ে দেন। ওই সময় মাদরাসা সুপারের বিরুদ্ধে ১৮ শিক্ষক-কর্মচারী স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া হয়। এরপর উপজেলা শিক্ষা অফিসার তাকে কয়েকবার চিঠি দিয়ে জবাব দেওয়ার নির্দেশ দিলেও সুপারের কাছ থেকে সাড়া মেলেনি।

এই দীর্ঘ সময়কালে সুপার মাদরাসায় যান না, প্রশাসন থেকেও কাউকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়নি। আবার দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠান পরিচালনার সুযোগও নেই। সহকারী সুপার ও শিক্ষকরা নিজেরাই ক্লাস নেওয়া ও নামমাত্র দেখভাল করছেন।

সুুপারের প্রতিষ্ঠানে না যাওয়া এবং বেতনভাতা বন্ধের বিষয়টি মাদরাসা বোর্ডে জানালে বিষয়টি কর্তৃপক্ষ ব্যবস্থা নিতো বলে শিক্ষকরা মত দিয়েছেন।

মাদরাসার অফিস সূত্রে জানা গেছে, আলিম শ্রেণির বর্তমান শিক্ষার্থী কারা, ২০২৭ সালের পরীক্ষার্থী কারা—তারও কোনো হদিস নেই। এ বছর দুইজন শিক্ষার্থী আলিমের কোন কোন বিষয়ে ফেল করেছে, তাও বলতে পারেন না শিক্ষকরা। আলিম বা অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের তালিকা, রেজিস্ট্রার সবই রয়েছে সুপারের রুমে। এসব শ্রেণির বিগত বছরের ফলাফল তারও কোনো রেজিস্ট্রার নেই। এমনকি দাখিল পরীক্ষার ফলাফল জানতে চাইলেও সহকারী সুপার ও অন্যান্য শিক্ষকরা ২০২৬ সালে নয়জনের মধ্যে সাতজন, ২০২৪ সালে দশজনের একজন, ২০২২ সালে নয়জনের মধ্যে দুইজন ফেল করেছেন বলে মৌখিকভাবে জানান।

কয়েকজন শিক্ষার্থী বলেন, শিক্ষকদের মধ্যে দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠানটি শেষ হতে চলেছে। সারাদিন সুপার ও শিক্ষকদের মধ্যে বিরোধ নিয়ে আলোচনা হয়।

মাদরাসাটি নিয়ে এ অঞ্চলের সকলের মুখে মুখে নানা অভিযোগ। হানুয়ার গ্রামের এনামুল হক বলেন, এই প্রতিষ্ঠানটি মামলা-মোকদ্দমার কারণে শেষপর্যায়ে পৌঁছেছে। দুর্নীতি আর অর্থ আত্মসাতের কারণে সুপার দীর্ঘদিন ধরে সাময়িক বহিষ্কার। এরপর জোর করে মাদরাসায় গেলে অভিভাবকরা তার কক্ষে তালা ঝুলিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলীম বলেন, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে অভিভাবকরা এখানে মেয়েদের পাঠাবেন না।

ঝাঁপা গ্রামের শিক্ষক সেলিম হোসেন বলেন, ‘সুপার আর সহসুপারের বিরোধের কারণে মাদরাসাটি শেষ হতে চলেছে। আমরা এ থেকে পরিত্রাণ চাই।’

আশরাফ খান নামে একজন অভিভাবক বলেন, যেসব ব্যক্তি প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কাজ করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। সুপার মাওলানা আব্দুস সালাম ভালো হলে তো ১৮০ দিনের বেশি সাময়িক বহিষ্কার থাকতেন না। তার বেতনভাতা বন্ধ হতো না। এখন তিনি মাদরাসার ক্ষতির চেষ্টা করছেন।

সাবেক শিক্ষার্থী রেকসোনা বলেন, মাদরাসা থাকলে এলাকার নারী শিক্ষা বৃদ্ধি পাবে। সবাইকে প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনা করতে হবে।

এ ব্যাপারে মাদরাসার সহকারী সুপার মাওলানা সোলাইমান হোসেন বলেন, সুপার আসেন না। তবু প্রতিষ্ঠান তো চলছে। প্রতিষ্ঠান বা শিক্ষার্থীদের এতে সমস্যা হচ্ছে বলে একবার স্বীকার করলেও পরবর্তীতে তিনি তা অস্বীকার করেন। রেজিস্ট্রারগুলো সুপারের রুমে তালাবদ্ধ রয়েছে বলে জানান তিনি।

‘১৮ নভেম্বর মাদরাসা শিক্ষাবোর্ড নজরুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছে। তবে, নতুন আহ্বায়ক এখনও দায়িত্ব নেননি,’ বলেন সহকারী সুপার।

নিজেকে মাদরাসার সুপার দাবি করে মাওলানা আব্দুস সালাম বলেন, ‘বেতন বন্ধ করে দেওয়ায় আমি মাদরাসায় যাই না। সহকারী সুপার মাও. সোলাইমান হোসেনের নেতৃত্বে একজন কর্মচারী, একজন অভিভাবক আমার কক্ষে তালা দিয়েছেন।’

মণিরামপুর উপজেলা শিক্ষা অফিসার মো. বাকী বিল্লাহ বলেন, সুপারের বিরুদ্ধে মাদরাসার শিক্ষক কর্মচারীরা অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে সুপারকে পর পর দুটি কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। প্রথমটির কোনো উত্তর দেননি তিনি। আর দ্বিতীয় চিঠির জবাবের জন্যে সময় চেয়ে আবেদন করেছেন।

আলিম পরীক্ষায় শতভাগ ফেল করার বিষয়টি নজরে এসেছে জানিয়ে শিক্ষা অফিসার বলেন, সুপার মাদরাসায় না যাওয়ার ফলে কী কী সমস্যা হচ্ছে সেব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদরাসায় সুপার যান না এবং তার রুমে তালা ঝুলিয়ে দেওয়ার কোনো তথ্য নেই বলে দাবি করেন যশোর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুর রহমান। বলেন, ‘খোঁজখবর নিয়ে জানাতে পারবো।’

মাদরাসাটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন বলেন, মাদরাসা সুপারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্রুত প্রতিবেদন দেওয়া হবে। সুপারের অনুপস্থিতিতে মাদরাসার ক্ষতি বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে বলে তিনি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)