সুবর্ণভূমি অনুসন্ধান: আরআরএফের অন্দরে-২
রায়হান সিদ্দিক
, যশোর
লিটন সরকারের সন্ধানে একের পর এক ব্যক্তিকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে আরআরএফের সহকারী নির্বাহী পরিচালক অ্যান্টনি বিশ্বাস ওরফে টনির ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার হয়েছেন খুলনার ব্যবসায়ী মিঠু সরকার, তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ আরও কয়েকজন। অভিযোগ রয়েছে, আরআরএফের গাড়ি ও লোকবল ব্যবহার করে ধর্মতলার একটি স্থানে চালানো হতো নির্যাতন। অনুসন্ধানে সামনে এসেছে কথিত ক্যাডার বাহিনী, বিদেশে অর্থ পাচার এবং বিপুল সম্পদের মালিকানা নিয়ে নানা অভিযোগ। তবে এসব অভিযোগের কিছু অস্বীকার করেছেন টনি; আরআরএফ ও পুলিশের পক্ষ থেকেও এসেছে পৃথক বক্তব্য।
লিটন সরকারের সন্ধান না পেয়ে তার বন্ধু ও পরিচিতজনদের ওপর একের পর এক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে আরআরএফের সহকারী নির্বাহী পরিচালক অ্যান্টনি বিশ্বাস ওরফে টনির ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন খুলনার পাইকগাছার ব্যবসায়ী মিঠু সরকার। লিটনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তাকে দুই দফা বাড়ি থেকে তুলে নিয়ে যশোরের ধর্মতলায় ইউনিক ফিলিং স্টেশনের পেছনের একটি স্থানে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ। নির্যাতনের হাত থেকে রেহাই পাননি তার অন্তঃসত্ত্বা স্ত্রীও। ভয়াবহ নির্যাতনের ধকল কাটিয়ে এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি মিঠু।
সুবর্ণভূমির অনুসন্ধানে আরও উঠে এসেছে, লিটনের খোঁজে কথিত একটি ক্যাডার বাহিনী গড়ে তোলা এবং আরআরএফের নিজস্ব গাড়ি ব্যবহার করে লোকজনকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ। পাশাপাশি অ্যান্টনি বিশ্বাসের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, সোনার ব্যবসা এবং অবৈধ উপায়ে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগও পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্যে রয়েছে ভিন্নতা। আরআরএফ কর্তৃপক্ষ ও পুলিশের বক্তব্যেও উঠে এসেছে চুরির মামলা এবং নির্যাতনের অভিযোগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য।
দুই দফা তুলে নিয়ে নির্যাতন, রেহাই পাননি অন্তঃসত্ত্বা স্ত্রী
নির্যাতনের শিকার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন খুলনার পাইকগাছা উপজেলার ব্যবসায়ী মিঠু সরকার। দীর্ঘদিন যশোর শহরের ধর্মতলা এলাকায় বসবাস করতেন তিনি। লিটন সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই তার জন্য কাল হয়ে দাঁড়ায় বলে অভিযোগ পরিবারের।
পরিচয় গোপন রাখার শর্তে পরিবারের এক সদস্য জানান, মিঠুর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। শুধু লিটনের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে তাকে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
ওই স্বজনের ভাষ্য, ‘লিটন নাকি আরআরএফ থেকে টাকা আর সোনা চুরি করে পালিয়েছে। এ কারণে প্রথমে ডিবি পুলিশ মিঠুকে ধরে আটকে রেখে লিটনের খোঁজ চায়। কিন্তু কোনো তথ্য না পেয়ে একপর্যায়ে মিঠুকে ছেড়ে দেয়। পরে একদিন আরআরএফের দুটি গাড়িতে করে পিয়ালসহ কয়েকজন এসে বাড়ি থেকে মিঠুকে তুলে নিয়ে যায়। দুই দিন আমরা তার কোনো খোঁজ পাইনি। পরে রক্তাক্ত অবস্থায় বাড়িতে দিয়ে যায় এবং কাউকে কিছু বলতে নিষেধ করে।’
তিনি আরও বলেন, ‘এর কয়েক দিন পর মিঠুকে আবার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সেদিন মিঠুর অন্তঃসত্ত্বা স্ত্রী বাধা দিলে পিয়াল তার পেটে লাঠি মারে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। সেদিনও আটকে রেখে নির্যাতন করা হয়। পরে সাতক্ষীরার সীমান্ত এলাকায় নিয়ে গিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।’
ভুক্তভোগী পরিবারের সদস্য জানান, এসব ঘটনায় ভীত হয়ে তারা থানায় করা সাধারণ ডায়েরিও (জিডি) প্রত্যাহার করে নিয়েছেন। নির্যাতনের পর থেকে মিঠু মানসিকভাবে বিপর্যস্ত। এখনো একা কোথাও যেতে ভয় পান তিনি। ভয়াবহ অভিজ্ঞতার কারণে স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে তার।
এ ছাড়া নির্যাতনের শিকার হয়েছেন যশোর শহরের রাজারহাট এলাকার বাসিন্দা বাপ্পি এবং কেশবপুরের সুমন দাস। বাপ্পিকেও বাড়ি থেকে তুলে নিয়ে ধর্মতলার ইউনিক ফিলিং স্টেশনের পেছনের সেই স্থানে আটকে রাখা হয় বলে অভিযোগ। অন্যদিকে, সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই সুমনকে কসবা পুলিশ ফাঁড়িতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আটকে রেখে হয়রানি করা হয় বলে দাবি তার।
ভুক্তভোগীদের অভিযোগ, লিটনের সন্ধান না পাওয়ার দায় চাপিয়ে তাদের ওপর এমন নির্যাতন চালানো হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।
হঠাৎ প্রকাশ্যে লিটন
লিটন সরকারের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যখন তার বন্ধু ও পরিচিতজনেরা একের পর এক নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখনো তার অবস্থান ছিল অজানা। এর মধ্যে গত ১৬ নভেম্বর রাতে সুবর্ণভূমির কাছে তথ্য আসে, লিটন প্রকাশ্যে এসেছেন। পরদিন সূত্রের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।
তবে দীর্ঘদিন আত্মগোপনে থাকার বিষয়টি অস্বীকার করেন লিটন। তিনি বলেন, ‘আমি ঢাকায় ছিলাম, তবে আত্মগোপনে না। আরআরএফের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। যা ছিল, তা হলো ভুল বোঝাবুঝি। সেগুলো টনি স্যারের সঙ্গে কথা বলে আমি সমাধান করেছি। এর বেশি কিছু আমি বলতে চাই না।’
এতদিন জনসমক্ষে আসেননি কেন—এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘তারা যেভাবে বিনা কারণে অন্যদের ওপর নির্যাতন চালাচ্ছিল, সে কারণে সামনে যাইনি। এখন আর আমার সঙ্গে স্যারদের কোনো সমস্যা নেই।’
তবে লিটনের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতনের শিকার মিঠু সরকার। তার মতে, লিটনের এমন দায়সারা বক্তব্যে ভুক্তভোগীরা আরও বিপদের মুখে পড়তে পারেন।
মিঠু বলেন, ‘যার কারণে আমাদের স্বাভাবিক জীবন এলোমেলো হয়ে গেছে, সে যদি এমন দায়সারা কথা বলে, তাহলে আমরা আরও বিপদে পড়ে যাব। আমাদের জীবনের ঝুঁকি আরও বেড়ে যাবে।’
কথিত ক্যাডার বাহিনীর নেতৃত্বে পিয়াল!
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, অ্যান্টনি বিশ্বাস টনির কথিত অবৈধ কর্মকাণ্ড ও অপরাধমূলক তৎপরতার দেখভাল করেন পিতর, উজ্জ্বল এবং তার খালাতো ভাই পিয়াল। পরিচয় গোপন রাখার শর্তে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, পিয়াল একসময় আরআরএফে চাকরি করতেন। শিমুলিয়ায় একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তার চাকরি চলে যায়। এরপর থেকেই টনির সরাসরি নির্দেশনায় পিয়াল নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে তোলেন বলে অভিযোগ।
ওই কর্মকর্তার দাবি, লিটনের সন্ধানে নিরপরাধ ব্যক্তিদের তুলে এনে নির্যাতনের কাজে এই বাহিনীকে ব্যবহার করা হয়েছে। এ কাজে ব্যবহৃত হয়েছে আরআরএফের নিজস্ব যানবাহন।
ভুক্তভোগী বাপ্পি ও মিঠুকে সাতক্ষীরা সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত গাড়ির চালক জান্নাতও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সেদিন দুটি গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। একটি গাড়িতে ছিলেন পিয়াল স্যার, মিঠু ভাই ও বাপ্পি। অন্য গাড়িতে ছিলেন অপরিচিত তিনজন, যারা আরআরএফের কর্মী নন।
এদিকে, যশোর শহরের ধর্মতলায় টনির মালিকানাধীন তেল পাম্পের পেছনে অবস্থিত রেস্টুরেন্টের রান্নাঘরে নির্যাতন চালানোর অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে দেখা যায়, সেখানে ম্যানেজার পরিবর্তন হয়েছে। বর্তমান ম্যানেজার শাহ-আলম জানান, প্রায় দুই মাস পূর্বে আগের ম্যানেজার মিঠু চাকরি ছেড়ে চলে গেছেন। পিয়াল আগে নিয়মিত সেখানে আসতেন, তবে প্রায় দেড় মাস ধরে তাকে আর দেখা যাচ্ছে না। এসব অভিযোগের বিষয়ে পিয়ালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
টনির বিরুদ্ধে অর্থ পাচার ও বিপুল সম্পদের অভিযোগ
অনুসন্ধানে অ্যান্টনি বিশ্বাস ওরফে টনির বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, সোনার ব্যবসা, নিজস্ব লোকজন দিয়ে হুমকি-ধামকি এবং অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থে ঝিকরগাছার শিমুলিয়ায় গড়ে তুলেছেন রাজকীয় ডুপ্লেক্স বাড়ি ও আট বিঘা জমির ওপর একটি দৃষ্টিনন্দন পার্ক। এ ছাড়া কিনেছেন তেল পাম্প ও রেস্টুরেন্ট। ঢাকার বনানী ও বসুন্ধরা এলাকায়ও রয়েছে কোটি টাকা মূল্যের প্লট।
আরআরএফের প্রতিষ্ঠালগ্ন থেকেই নানা বিতর্ক ও অনিয়মের অভিযোগ রয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ফিলিপ বিশ্বাস, যিনি টনির বাবা। ২০০২ সালের ২৯ এপ্রিল দৈনিক রানার পত্রিকায় ‘ঝিকরগাছায় আরআরসি’র বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি-অনিয়মের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়া ২০০৪ সালের ১১ ও ২১ আগস্ট দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় ‘আদম পাচার’ ও ‘জালিয়াতির মাধ্যমে কার্যক্রম শুরু’ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। উল্লেখ্য, সেসময় আরআরএফের নাম ছিল আরআরসি (রুরাল ডেভলপমেন্ট সেন্টার)।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের ধারাবাহিকতায় টনি আরও কৌশলী পদ্ধতিতে নিজস্ব প্রভাব ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটিয়েছেন।
সোনার বিনিময়ে অর্থ পাচারের অভিযোগ
টনির কথিত সহযোগী উজ্জ্বল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থান করে তার অর্থ পাচারের কাজ পরিচালনা করছেন বলে অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, সর্বশেষ বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের কাছে ১০০ কোটি টাকা পাচার করেছেন টনি বিশ্বাস। এ লেনদেনের মধ্যস্থতা করেন উজ্জ্বল। অর্থ পাচারের বিনিময়ে ১০ শতাংশ কমিশন নেওয়া হয়, যা শেখ তন্ময় সোনার মাধ্যমে পরিশোধ করেছেন বলে অভিযোগ। এ-সংক্রান্ত কথোপকথনের একটি অডিও রেকর্ড সুবর্ণভূমির কাছে সংরক্ষিত রয়েছে। তবে সূত্রের নিরাপত্তার স্বার্থে সেটি প্রকাশ করা হয়নি।
এসব অভিযোগের বিষয়ে টনি বিশ্বাস দাবি করেন, নানা অপকর্মের কারণে উজ্জ্বলকে অনেক আগেই চাকরিচ্যুত করা হয়েছে। তার সঙ্গে এখন আর কোনো যোগাযোগ নেই।
তবে আরআরএফের বর্তমান সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্রোগ্রাম) অরুণ সরদার এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি জানান, উজ্জ্বল বর্তমানে দুবাইয়ে টনি বিশ্বাসের মালিকানাধীন একটি সফটওয়্যার কোম্পানির দায়িত্বে রয়েছেন। একই প্রতিষ্ঠানের যশোরের দায়িত্বে আছেন টনির খালাতো ভাই পিয়াল।
গেস্টরুমের চুরি নিয়ে আরআরএফের বক্তব্য
গেস্টরুম থেকে চুরির ঘটনা এবং প্রতিষ্ঠানটির অবস্থান সম্পর্কে জানতে চাইলে আরআরএফের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্রোগ্রাম) অরুণ সরদার জানান, ২০২৫ সালের সেপ্টেম্বরে গেস্টরুমে মালামাল রাখার পর অ্যান্টনি বিশ্বাস মেয়ের চিকিৎসার জন্য দুইবার সিঙ্গাপুর এবং একবার যুক্তরাষ্ট্রে যান। পরে পরিবার নিয়ে গেস্ট হাউজে ওঠার পর চুরির বিষয়টি তার নজরে আসে।
কক্ষের চাবি ও সিসিটিভি ফুটেজ সম্পর্কে অরুণ সরদার বলেন, কক্ষটির একাধিক চাবি থাকলেও পল্লবের কাছে থাকা চাবিটি ছাড়া অন্যগুলো আগেই হারিয়ে গিয়েছিল। আর সিসিটিভি ক্যামেরায় ১৫ দিনের বেশি সময়ের রেকর্ড সংরক্ষিত না থাকায় চুরির সময়ের ফুটেজ পাওয়া যায়নি।
অন্যদিকে, চুরির অভিযোগের প্রায় নয় মাস পর মামলা করার কারণ জানতে চাইলে বাদী টনি বিশ্বাস বলেন, ‘আমার প্রয়োজন পড়েনি।’
খোয়া যাওয়া সোনা পারিবারিক বলে দাবি করলেও সেগুলো কেনার কোনো রসিদ কিংবা কোন দোকান থেকে কেনা হয়েছিল, সে তথ্য দিতে পারেননি তিনি।
এ বিষয়ে আরআরএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস বলেন, ‘আমি যতটুকু জানি, কোনো টাকা চুরি হয়নি। শুধুমাত্র স্বর্ণ চুরি হয়েছে।’
ছেলের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সন্তান বড় হয়ে গেলে আর বাপ-মায়ের নিয়ন্ত্রণে থাকে না। চাইলেই অনেক কিছু বলা যায় না।’ তবে এ বিষয়ে সংবাদ প্রকাশ করা অনুচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশের বক্তব্য: নির্যাতনের সুযোগ নেই
চুরির মামলার গুরুত্ব বাড়াতে পুলিশের এক কর্মকর্তার পরামর্শে এজাহারে টাকার অঙ্ক বাড়ানো হয়েছে—টনি বিশ্বাসের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, ‘বাদী মামলার এজাহারে কী লিখবেন, সেটি তার বিষয়। এখানে পুলিশের ইনফ্লুয়েন্স করার সুযোগ নেই। যদি কোনো পুলিশ সদস্য এমন কাজ করেন, তা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।’
জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন ও হয়রানির অভিযোগের বিষয়ে তিনি বলেন, মামলার গুরুত্ব অনুযায়ী তদন্ত কর্মকর্তা একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। তবে কাউকে মারধর করার কোনো সুযোগ নেই।
কোনো পুলিশ সদস্য নিরীহ ব্যক্তির ওপর নির্যাতন করে থাকলে অভিযোগ পাওয়ামাত্রই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
তবে মিঠু, বাপ্পি, রিচার্ড ও সুমনসহ ভুক্তভোগীদের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত, কথিত নির্যাতনকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্থানের ভূমিকা, আরআরএফের যানবাহনের ব্যবহার এবং লিটন সরকারের নিখোঁজ হওয়ার ঘটনাটি এখনো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসতে পারে আরআরএফকে ঘিরে ওঠা অভিযোগগুলোর প্রকৃত সত্য।