ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুই পক্ষের ২৮টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর হয়।
সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দোহারো গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সাথে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাবু জোয়ার্দারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সোমবার বিকেলে উভয়পক্ষের লোকজন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত ১৫ জন। এ সময় ওই গ্রামের উভয় পক্ষের আটটি বাড়িতে ব্যাপক ভাঙচুরসহ অন্তত ২৮টি বাড়ি-ঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, দোহারো গ্রামে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে হাসপাতালে বর্তমানে ১৩ জন ভর্তি আছে। তবে কারোরই বড় কোনো ইনজুরি নেই।
এবিষয়ে জানতে বিএনপি নেতা উজির আলী ও যুবদল নেতা বাবু জোয়ার্দারের ফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি হাকিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, সকালে এক চায়ের দোকানে দুই যুবক মারামারি করে। এই মারামারির জের ধরে বিকাল ৩টার দিকে উপজেলা বিএনপির সদস্য উজির আলী ও ইউনিয়ন যুবদল নেতা বাবু জোয়ার্দারের সমর্থকরা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়।
কয়টি বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘উভয় পক্ষের লোকজন আহত হয়েছে এবং বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। আমি পুলিশকে বলেছি সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, ‘আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই গ্রামে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। আমরা অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’