স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের আরবপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মিয়া ওরফে রড বাচ্চুকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সোমবার (২৩ নভেম্বর) দুপুরে খোলাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
তার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অন্যের জমি দখল এবং জমি পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গত ২২ জুন বিস্ফোরক আইনে ১৫ জনের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা করেন শহরের খোলাডাঙ্গা এলাকার রুবি খাতুন নামে এক নারী। ওই মামলায় প্রধান আসামি করা হয় বাচ্চু মিয়া ওরফে রড বাচ্চুকে।
মামলার অন্য আসামিরা হলেন, বাচ্চুর ছেলে মেহেদী হাসান, খোলাডাঙ্গা এলাকার জাহিদ হাসান শাওন, তারেক হাসান অন্তর, হাসান কবির সাগর, মুজিদ ওরফে মুজিত মিয়া, সেলিম বিশ্বাস ওরফে কুটি, পারভেজ, সাব্বির হোসেন, রুবেল, জাফর আলী সিদ্দিক ওরফে জামাই, বিপ্লব হোসেন, রাকিব, আব্দুল আল মামুন ও সুমন ওরফে গান্ডু সুমন।
আদালত অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক অমৃত দাস অভিযোগটি তদন্ত করে বাচ্চুসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।
পুলিশের তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ১৫ জুন যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় রুবি খাতুনের বাড়িতে প্রকাশ্যে রড বাচ্চুসহ অন্য আসামিদের বিরুদ্ধে বোমা হামলার অভিযোগ ওঠে। রুবি খাতুনকে তার স্বামীর জমি পাইয়ে দেওয়ার কথা বলে বাচ্চু চার লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে। এ-সংক্রান্ত ভিডিও ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে আদালত পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগটি কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গত ২৮ অক্টোবর যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে অভিযুক্ত ১৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রেকর্ডের নির্দেশনা আসে। আদালতের নির্দেশ অনুযায়ী, ৪ নভেম্বর কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলাটি রেকর্ড করা হয়। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ওয়ার্ড বিএনপির এই নেতার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। যশোর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকেও তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। এরপরও তিনি ছিলেন অপ্রতিরোধ্য বলে অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাশেদ খানের আপন চাচা হওয়ায় তিনি সেই পরিচয়ের প্রভাবও খাটাতেন বলে অভিযোগ রয়েছে।