যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেন্দারচর থমথমে, রয়েছে আতঙ্কও

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ১০:৩৭ পিএম
বেন্দারচর থমথমে, রয়েছে আতঙ্কও

বিএনপির দুই নেতা হত্যার ঘটনাকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকার অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। থমথমে পরিস্থিতিতে আতঙ্ক রয়েই গেছে লোকজনের মধ্যে।

তবে বিএনপির দুই নেতা নিহত হওয়া এবং পরবর্তী সহিংসতার ঘটনায় তিন দিন পেরিয়ে গেলেও থানায় কোনো মামলা হয়নি।

সরেজমিনে দেখা গেছে, বেন্দারচরের বাসিন্দা সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক (মুক্তি), কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের ৬৭টি বাড়ি ও দোকানঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।

কোনো কোনো বাড়িতে একসঙ্গে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আবার কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগ কিংবা শুধু লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, মহিবুল্লাহ বিশ্বাস, নাল্লু শেখ, এনায়েত ফকির, বিপ্লব বিশ্বাস, সাইফুল্লাহ বিশ্বাস, দাউদ মোল্যা, টুকু বিশ্বাস, পরশ বিশ্বাস, টুলু বিশ্বাস, সিপু বিশ্বাস, কালু বিশ্বাস, মোস্ত বিশ্বাস, শরিফুল বিশ্বাস, আজিম বিশ্বাস, রফিকুল বিশ্বাস, মৌন বিশ্বাস, আশিকুর বিশ্বাস, আকবর মোল্যা, মোস্তাইন মোল্যা, কামাল মোল্যা, হারুন মোল্যা, কেবর বিশ্বাস, মাহবুব বিশ্বাস, ছালাম বিশ্বাস, ছাকায়েত বিশ্বাস, তাজু বিশ্বাস, জাবের মোল্যা, রাসেল মোল্যা, রাজিব মোল্যা, মান্নান মোল্যা, জাকারিয়া ফকির, শিমুল মোল্যা, গহুর মোল্যা, লালচাঁন শেখ, খাজা শেখ, ইলাহি শেখ, রনিত শেখ, তোরাফ শেখ, সুরাফ শেখ, ইয়ানুর শেখ, পিকুল শেখ, ছামাদ শেখ, ছায়াদ শেখ, নুর ইসলাম, বক্কার মোল্যা, হান্নান সিকদার, আকমান সিকদার, নজরুল কাজী, টিপু বিশ্বাস, জাহিদুল শেখ, মফিজ শেখ, আনিসুল হক (পিকলু), দুলু বিশ্বাস, বুলু বিশ্বাস, মোয়াজ্জেম শেখ, বসার শেখ, বক্কার শেখ, হাফিজুর রহমান শেখ, শাহাজান বিশ্বাস, সিদ্দিক শেখ, রস্তম মোল্যা, আয়ুব মোল্যা, শহীদ বিশ্বাস, ফিরোজ মোল্যা ও ইসমাইল বিশ্বাস।

পোড়া বাড়ির সামনে দাঁড়িয়ে আকবর মোল্যার স্ত্রী রাবেয়া বেগম বলেন, ‘আমার ছয় কক্ষের পুরো ভবন পুড়িয়ে দিয়েছে। রান্নাঘর, গোয়ালঘর, খড়ের পালাসহ সব মালামাল পুড়ে গেছে। যা পেরেছে নিয়ে গেছে, বাকিটা পুড়িয়ে দিয়েছে। আমি বাড়িতে একা নারী মানুষ। এখনো আতঙ্কে আছি। গত রাতেও ঘরের গ্রিল ভাঙার শব্দ শুনেছি। আলো জ্বালিয়ে এগিয়ে গেলে হামলাকারীরা চলে যায়।’

পারভিন বেগম বলেন, ‘আমাদের দিন কাটছে অনেক কষ্টে। আমরা নারীরা কেউ বাড়িতে নিরাপদ বোধ করছি না। সবার মধ্যে ভয় ঢুকে গেছে। রাতে বাড়িতে থাকার মতো পরিস্থিতি নেই। তাই আমরা রাতে বাড়িতে থাকি না।’

পিকলু বিশ্বাসের স্ত্রী বলেন, ‘আমাদের মালামাল, জিনিসপত্র, টাকা-পয়সা সব লুট করে নিয়ে গেছে। পুলিশ আসার পর থেকে ভয় কিছুটা কমেছে। কিন্তু এখনো আতঙ্ক কাটেনি। আমাদের কোনো নিরাপত্তা নেই।’

স্থানীয়দের বক্তব্য, বিএনপির শোভাযাত্রায় হামলা করে দলটির দুই নেতাকে হত্যা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরপর গত শুক্রবার বিকেলে নিহত দুই নেতার অনুসারীরা হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে আওয়ামী নেতা-কর্মী-সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালান। এ সময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন বড় কালিয়া এলাকার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতা-কর্মীরা। তাদের দাবি, গত ১৮ নভেম্বর বেন্দারচরে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। এতে বিএনপির নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলাম নিহত হন। ওই ঘটনার শোকে তারা কাতর। পরবর্তী সময়ে বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

কালিয়া পৌর বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম বলেন, ‘বিভিন্ন এলাকার বিক্ষুব্ধ জনতা কিছু ভাঙচুর করেছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত। কোনো গোলযোগ নেই।’

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বর্তমানে বেন্দারচরে পরিস্থিতি ভালো ও শান্তিপূর্ণ রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসআরবির দলও পুলিশের সঙ্গে কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপির দুই নেতা নিহত হওয়া এবং পরবর্তী ঘটনাগুলোতে এখনো কোনো মামলা হয়নি। সাবেক সংসদ সদস্যের আত্মীয়স্বজনদের পাঁচ থেকে ছয়টি পরিবারের ১৫ থেকে ১৬টি বাড়িঘরে হামলার তথ্য পাওয়া গেছে। বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।

এদিকে হামলার পর গত শুক্রবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কালিয়ার বেন্দারচর ও বড় কালিয়ার ঘোষপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ে। এ দাবিতে বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। তবে সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেন্দা ও বেন্দারচর পাশাপাশি অবস্থিত দুটি পৃথক গ্রাম। বেন্দা গ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস থাকলেও বেন্দারচরে কোনো হিন্দু বসতি নেই। ফলে বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, স্থানীয়দের বক্তব্যে তার সত্যতা পাওয়া যায়নি।

গ্রামের বাসিন্দা শ্যামলি পাল বলেন, ‘বেন্দায় অনেক হিন্দু মানুষের বসবাস। কিন্তু সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বেন্দারচরে অনেকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই গ্রামে কোনো হিন্দু বসতি নেই।’

অন্যদিকে বড় কালিয়ার ঘোষপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তবে আশপাশের অন্য কোনো বাড়িতে ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)