পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পুলিশি কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
গতকাল রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্রর (পিপিএম-সেবা) সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন, মো. বাবুল হোসাইন হাওলাদার, মো. আমির হামজাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব থানার ওসিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, অক্টোবর মাসে পাইকগাছা থানা এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, চাঁদাবাজি, কিশোর গ্যাং, জুয়া ও চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ওসি শেখ আব্দুল আউয়াল কবিরকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
তার এ অর্জনে পাইকগাছার স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।