যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরের ক্রীড়াঙ্গন: সম্ভাবনা, সংকট ও প্রত্যাশা-৩

আশার আলো অ্যাকাডেমিতে

রাব্বি আল-আমিন

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ১১:০০ এ এম
আশার আলো অ্যাকাডেমিতে

যশোর ক্রীড়াঙ্গনের হতাশাজনক পরিস্থিতির মধ্যেও আশার আলো ছড়াচ্ছে শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমি। অর্থ নয়, মেধা ও প্রতিভাকে ফুটবলার হওয়ার প্রধান যোগ্যতা হিসেবে বিবেচনা করে প্রতিষ্ঠানটি গড়ে তুলছে দেশের নতুন প্রজন্মের ফুটবলার।

প্রখ্যাত ক্রীড়া সংগঠক শামস-উল-হুদার স্মৃতিকে ধারণ করে ২০১১ সালের ১৪ মে যশোর সদর উপজেলার হামিদপুরে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় অ্যাকাডেমিটি। প্রায় ৮০ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে রয়েছে চারটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ, রাতের অনুশীলন ও খেলার জন্য ফ্লাডলাইট, ২৪০ শয্যার ছয়তলা আবাসিক মাল্টিপারপাস ভবন ‘ভাষাসৈনিক মুসা মিয়া ভবন’, জিমনেশিয়াম ও সুইমিংপুল।

দেশের নগর-শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের আট থেকে ১৬ বছর বয়সি প্রতিভাবান কিশোরদের বাছাই করে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয় এখানে। থাকা, খাওয়া, পড়াশোনা, ইউনিফর্ম, অনুশীলনের পোশাক ও আধুনিক ফুটবল প্রশিক্ষণ—সবই বিনা খরচে পাচ্ছে শিক্ষার্থীরা। বর্তমানে অ্যাকাডেমিতে মোট ১৮৩ জন খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছে। এর মধ্যে ৬০ জন আবাসিক মূল ব্যাচের এবং যশোরের স্থানীয় আরও প্রায় ১২৩ জন নিয়মিত অনুশীলন করছে। প্রতিটি খেলোয়াড়ের পেছনে মাসে গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা ব্যয় করছে প্রতিষ্ঠানটি।

অ্যাকাডেমিতে বয়স ও দক্ষতা অনুযায়ী বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ১২ থেকে ১৪ বছর বয়সী খেলোয়াড়েরা ‘এ’ টিমে এবং ১৪ থেকে ১৬ বছর বয়সীরা ‘বি’ টিমে রয়েছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে এখন পর্যন্ত চারজন খেলোয়াড় জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। বিভিন্ন বয়সভিত্তিক যুব জাতীয় দলের হয়ে খেলেছেন ১৬ জন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় দলের ফুটবলার আলামিন, রিমন হোসেন, রয়েল ও মিরাজুল করিম স্বাধীন। ২০২১ সালে রিমন হোসেন ও রয়েল এবং পরবর্তী সময়ে স্বাধীন জাতীয় দলে খেলার সুযোগ পান। স্বাধীন সর্বশেষ এশিয়া কাপেও বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন বলে অ্যাকাডেমি সূত্রে জানা গেছে।

এ ছাড়া অ্যাকাডেমির প্রশিক্ষণার্থীদের অনেকে খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবেও। মালয়েশিয়া ও ভারতে আন্তর্জাতিক যুব ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন তারা। তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়া প্রতিষ্ঠানের পুরস্কারও পেয়েছে অ্যাকাডেমিটি।

হামিদপুরের এই সবুজ চত্বর এখন শুধু ফুটবলার তৈরির প্রতিষ্ঠান নয়, বাংলাদেশের ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন বাস্তবায়নেরও একটি গুরুত্বপূর্ণ ঠিকানা।

ধাপে ধাপে আধুনিক প্রশিক্ষণ, সাফল্যের পথে খেলোয়াড়েরা

অ্যাকাডেমির প্রধান কোচ কাজী মারুফ হোসেন বলেন, বর্তমানে এখানে ১৮৩ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে। এর মধ্যে ৬০ জন আবাসিক মূল ব্যাচের। স্থানীয় খেলোয়াড়দের সুযোগ দিতে যশোরের আরও প্রায় ১২৩ জন নিয়মিত অনুশীলন করছে।

তিনি বলেন, সর্বশেষ এশিয়ান কাপে অংশ নিয়েছেন অ্যাকাডেমির খেলোয়াড় মিরাজুল করিম স্বাধীন। এর আগে আলামিন, রিমনসহ অনেকেই জাতীয় দলের হয়ে খেলেছেন। সর্বশেষ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যালেও অ্যাকাডেমির চারজন খেলোয়াড় অংশ নিয়েছে। ওই টুর্নামেন্টের নকআউট পর্বের রাউন্ড অব ৩২, রাউন্ড অব ১৬, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে প্রতিটি ম্যাচেই অ্যাকাডেমির খেলোয়াড়রা গোল পেয়েছে।

প্রশিক্ষণের পদ্ধতি সম্পর্কে কোচ মারুফ হোসেন বলেন, এখানে কয়েকটি ধাপে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ফাউন্ডেশন ফেজ, আর্লি বিল্ড-আপ ফেজ ও হাই পারফরম্যান্স ফেজ। প্রতিটি পর্যায়ের জন্য রয়েছে আলাদা ব্যাচ। অনূর্ধ্ব-১২ থেকে ১৪ বছর বয়সিদের সপ্তাহে তিন দিন, অনূর্ধ্ব-১৬ ব্যাচকে ছয় দিন এবং ১৬ বছরের বেশি বয়সি খেলোয়াড়দের সপ্তাহে নয়টি সেশন করানো হয়।

তিনি আরও বলেন, ফাউন্ডেশন পর্যায়ে খেলোয়াড়দের কারিগরি দক্ষতা বা টেকনিক্যাল বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। বয়স ও দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে কারিগরি ও কৌশলগত বিষয়গুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়। আর হাই পারফরম্যান্স পর্যায়ে খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং ভালো ফল করার উপযোগী করে গড়ে তোলা হয়।

জাতীয় দলের স্বপ্ন দেখছে নতুন প্রজন্ম

জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতানোর স্বপ্ন নিয়ে প্রতিদিন নিজেদের প্রস্তুত করছে অ্যাকাডেমির নতুন প্রজন্মের খেলোয়াড়েরা। ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি তাদের নিয়মিত স্কুলে পাঠানো হয়। খেলাধুলার পাশাপাশি শিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা থেকে প্রশিক্ষণ নিতে আসা কাজী রিফাত রহমানের ভাষ্য, ‘বাংলাদেশের অন্যতম সেরা অ্যাকাডেমি এটি। এই অ্যাকাডেমিতে এসে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। এখানে যেভাবে সুযোগ-সুবিধা দেওয়া হয়, তা সত্যিই মুগ্ধ করার মতো। এসব সুবিধা আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়।’

রিফাত জানায়, অ্যাকাডেমিতে থাকা, খাওয়া, স্কুলে যাওয়া, ইউনিফর্ম ও অনুশীলনের পোশাকসহ সবকিছু বিনা খরচে দেওয়া হয়। রয়েছে জিমনেশিয়াম, ফিজিওথেরাপির সুবিধা ও উন্নত মানের মাঠ। জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড়ও এই মাঠে খেলেন। তার স্বপ্ন একদিন বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলা।

চাঁদপুর থেকে আসা সেন্টার ব্যাক পজিশনের খেলোয়াড় মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ২০২৫ সালে অ্যাকাডেমিতে ট্রায়াল দিয়েছিলেন তিনি। চলতি বছর ভর্তি হয়েছেন। এখানে আসার পর সুযোগ-সুবিধা দেখে তিনি মুগ্ধ। থাকা-খাওয়াসহ সব ধরনের সুবিধা বিনা খরচে পাওয়ায় পরিবারের ওপর আর্থিক চাপ কমেছে। অ্যাকাডেমিতে ভর্তি হতে পেরে তিনি গর্বিত। তার স্বপ্ন, একদিন জাতীয় দলের হয়ে মাঠে নামা।

তৃণমূল থেকে খেলোয়াড় তৈরিই লক্ষ্য

অ্যাকাডেমির পরিচালক এস কে শামসুল হক বারি শিমুল বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের পরিপূর্ণ ফুটবলার হিসেবে গড়ে তোলাই অ্যাকাডেমির মূল লক্ষ্য। এটি এক-দুই বছরের কাজ নয়; একজন খেলোয়াড়কে তৈরি করতে পাঁচ, ছয় কিংবা সাত বছরও লেগে যেতে পারে।

তিনি বলেন, সাধারণত আট থেকে ১৬ বছর বয়সি খেলোয়াড়দের অ্যাকাডেমিতে নেওয়া হয়। ১৬ বছর বয়সে নির্দিষ্ট পর্যায়ে পৌঁছালে তাদের ছেড়ে দেওয়া হয়। যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), জাতীয় পর্যায় কিংবা মূল জাতীয় দলে খেলার সুযোগ পায়, তাদেরও পরবর্তী পর্যায়ে খেলার জন্য ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া খেলোয়াড়েরা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল), প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। অ্যাকাডেমির লক্ষ্য, তৃণমূল থেকে খেলোয়াড় তুলে এনে তাদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ক্লাব, বয়সভিত্তিক জাতীয় দল এবং সিনিয়র জাতীয় দলে খেলার উপযোগী করে গড়ে তোলা।

তবে এই উদ্যোগের পাশাপাশি যশোর জেলা ক্রীড়া সংস্থাকে সক্রিয় করা এবং জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা প্রয়োজন বলে মনে করেন তিনি। তার মতে, অ্যাকাডেমির কার্যক্রমের পাশাপাশি জেলার সামগ্রিক ক্রীড়াঙ্গন সচল হলে যশোর হয়ে উঠতে পারে আরও ক্রীড়াবান্ধব জনপদ।

‘অ্যাকাডেমির মাঠে প্রতিদিনের অনুশীলন, কিশোরদের স্বপ্ন আর প্রশিক্ষকদের নিরলস প্রচেষ্টা—সব মিলিয়ে হামিদপুরে তৈরি হচ্ছে বাংলাদেশের ফুটবলের আগামী দিনের সম্ভাবনা। এখন প্রয়োজন এই সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে কাজে লাগানোর পাশাপাশি যশোরের সামগ্রিক ক্রীড়াঙ্গনেও প্রাণ ফিরিয়ে আনা,’ বলছেন সংশ্লিষ্টরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)