আব্দুল্লাহ আল মাসুদ
, ঝিনাইদহ
ছাদের পলেস্তারা খসে পড়ছে, বেরিয়ে এসেছে মরিচাধরা রড। দেয়ালে ফাটল, জানালা ও মেঝের অবস্থাও নাজুক। এমন জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান চলছে ঝিনাইদহ পৌর এলাকার শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
প্রতিদিন ভয়ে ভয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। ছাদ থেকে পলেস্তারা ও বালু খসে পড়ায় বই-খাতাও নষ্ট হচ্ছে। আতঙ্কে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে চায় না বলে জানিয়েছে সহপাঠীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রথম ভবন নির্মাণ করা হয় ১৯৯২ সালে। অফিসসহ চারটি কক্ষের ওই ভবনটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। পরে ১৯৯৫ সালে তিন কক্ষবিশিষ্ট আরেকটি ভবন নির্মাণ করা হয়। বিদ্যালয়টিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৫৫ জন শিক্ষার্থী রয়েছে। পাঠদানের জন্য শিক্ষক রয়েছেন ছয়জন।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পুরনো ভবনের বারান্দার পিলার ও বিমের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। শ্রেণিকক্ষে ঢুকতেই চোখে পড়ে দেয়ালের পলেস্তারা উঠে যাওয়ার চিত্র। ছাদের বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন দেখা গেছে। কোথাও কোথাও মরিচাধরা রড বেরিয়ে রয়েছে। স্যাঁতসেতে দেয়াল ও ভাঙাচোরা মেঝের মধ্যে চলছে শিশুদের পাঠদান। যে শ্রেণিকক্ষে শিক্ষার আলো ছড়ানোর কথা, সেটিই এখন শিক্ষার্থীদের কাছে আতঙ্কের জায়গা হয়ে উঠেছে।
প্রধান শিক্ষক মো. ইবাদত হোসেন বলেন, ‘আমাদের বিদ্যালয়টি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত। ১৯৯২ সালে ভবন নির্মাণ করা হয়। ওই ভবনে শিক্ষার্থীরা ক্লাস করে। বর্তমানে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। শ্রেণিকক্ষের ছাদ ও বিমের পলেস্তারা খুলে পড়ে রড বের হয়ে গেছে। দেয়াল ও জানালার অবস্থাও ভালো নেই। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি।’
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. শাওন বলে, ‘আমাদের স্কুলের ছাদ থেকে পলেস্তারা খুলে খুলে পড়ে। এর মধ্যে ক্লাস করতে খুব ভয় লাগে। তবুও ক্লাস করতে হয়। সরকারের কাছে আমাদের আবেদন, স্কুলটি নতুন করে নির্মাণ করে দেন।’
একই শ্রেণির শিক্ষার্থী তামিমের ভাষ্য, ‘ক্লাসরুমের ছাদের রড বের হয়ে গেছে। ছাদ থেকে বালু পড়ে বই-খাতা নষ্ট হয়। ভয়ের মধ্যে ক্লাস করতে হয়। এ কারণে অনেক বন্ধু স্কুলে আসতে চায় না। আমরা চাই, নতুন ভবন করে দেওয়া হোক।’
সহকারী শিক্ষক মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের নিয়ে ক্লাস করাতে আমাদেরও উদ্বেগের মধ্যে থাকতে হয়। দ্রুত ভবনটি সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।’
আরেক সহকারী শিক্ষক শিরিন আক্তার বলেন, ‘শিশুদের নিরাপদ পরিবেশে পাঠদান করা প্রয়োজন। কিন্তু শিক্ষার্থীরা ভয়ে থাকে। ক্লাস চলাকালে কখনো ছাদ থেকে বালু বা পলেস্তারা পড়ে। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ে নিরাপদ পাঠদানের পরিবেশ নিশ্চিত করুক।’
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আমজাদ হোসেন বলেন, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) শেষ হয়েছে। বর্তমানে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) চালুর প্রক্রিয়া চলছে। প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে, শিগগিরই কার্যক্রম শুরু হতে পারে। শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের তথ্যও সংশ্লিষ্ট তালিকায় রয়েছে। পিইডিপি-৫-এর আওতায় বিদ্যালয়টির ভবন নির্মাণের কাজ হতে পারে।