যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কাজলার দুই পাড়ে ভক্ত আর দর্শনার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

রূপক মুখার্জি (লোহাগড়া) নড়াইল প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৭:২৯ পিএম
কাজলার দুই পাড়ে ভক্ত আর দর্শনার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

কালীপূজায় কাজলা নদীর পাড়ে যে মেলা, তাতে লোকজ পণ্যের সমাহার। শখের মাটির পুতুল থেকে শুরু করে বাঁশি, কুলা, চালন, বেত পণ্য, ফুলের সাজি, রয়েছে মুড়ি, মিষ্টি, চানাচুরসহ হরেক রকমের খাবার। এসেছে গ্রামীণ ঐতিহ্যের নাগরদোলাও।

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের কাজলা নদীপাড়ে গত রোববার বসে এ মেলা। তিন দিনব্যাপী এ মেলা শেষ হবে আজ মঙ্গলবার। তিন দিনব্যাপী মেলাকে ঘিরে নড়াইলের গ্রামীণ জনপদে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে , প্রায় শত বছর ধরে কালীপূজা শেষে কাজলা নদীর দুই পাড়ে এ মেলা হয়ে আসছে।

স্থানীয়রা জানান, কালীপূজা ঘিরে মূলত মুলিয়া ইউনিয়নের কোড়গ্রাম, মুলিয়া, পানতিতা গ্রামেই এ মেলা বসে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও পাশের দেশ ভারতের বিভিন্ন প্রদেশ থেকেও দর্শনার্থীরা আসেন এ মেলায়।

মেলায় ভারতের রাজস্থান থেকে এসেছেন বাদল সরকার। তাদের পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশে বলে জানান তিনি। এর আগেও কয়েকবার কালীপূজার মেলা দেখতে মুলিয়া এসেছেন।

তিনি বলেন,'নাড়ির টানে বাংলাদেশে আসা। আমাদের বাড়ি আগে এখানেই ছিল।'

মুলিয়ার কালীপূজার মেলা প্রসঙ্গে বাদল সরকার বলেন, 'কালীমাতার পূজা, মেলা ও নদীতে যে ভাসান হয়, তা খুবই চমৎকার। এমন দৃশ্য কোথাও দেখা যায় না। ভালোলাগার জায়গা থেকেই কালীপূজার মেলায় আসি।'

স্ত্রী, দুই ছেলে এক মেয়ে নিয়ে মেলায় এসেছেন পার্থ চক্রবর্তী (৬২)। ছেলে দুটির হাতে ধরে মেলায় ঘুরছেন তিনি। এসময় কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, 'ছোটোবেলায় বাবা-মায়ের সঙ্গে এই মেলায় আসতাম। অনেক ভিড়ের মাঝে ঠাসাঠাসি করে ঢুকতাম, আবার বের হতাম। এখন নিজেই ছেলে-মেয়ে নিয়ে মেলায় আসি।'

মেলায় শিশুদের খেলনা, ঢোল, ছোট কুলা, ছোট ধামা, ছোট চালবা ও ফুলের সাজি নিয়ে দোকান বসিয়েছেন সীমা রানী।

আউড়িয়া গ্রাম থেকে আসা এই নারীর ভাষ্য, '৩০ বছর ধরে এই মেলায় খেলনা বিক্রি করি। তিন দিনের মেলায় দুপুরের পর থেকে লোকসমাগম বাড়তে থাকে। সন্ধ্যা নামলে বেচাকেনা বেশি হয়।'

মেলায় একটি বড় আকর্ষণ মিষ্টির দোকান। জামাই ও শ্বশুরবাড়ির জন্য মিষ্টি কেনার ধুম পড়ে দোকানগুলোতে।

বাহিরগ্রামের মিষ্টি ব্যবসায়ী গোবিন্দ কুণ্ডু বলেন, 'মেলায় মিষ্টি বিক্রি ভালোই হয়। বেশি বিক্রি হয় পূজার সিঙ্গে। এই মিষ্টি কালীপূজার ঐতিহ্যের অংশ।'

এদিকে, দুপুর গড়াতেই মেলায় বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী আসা শুরু হয়েছে। বিকেলের মধ্যেই পুরো প্রাঙ্গণ কানায় কানায় ভরে যায়।

মেলার আয়োজন নিয়ে কোড়গ্রাম সর্বজনীন কালীপূজা মন্দির কমিটি ও কোড়গ্রাম মেলা কমিটির সভাপতি মিন্টু সরকার বলেন, 'মুলিয়া ইউনিয়নে যুগ যুগ ধরে জাঁকজমকের সাথে কালীপূজা হয়ে আসছে। পূজা ঘিরে তিন দিনের মেলা শেষ হবে মঙ্গলবার দিবাগত রাতে। শ্রী শ্রী কালীপূজা উপলক্ষে তিনদিনব্যাপী এ মেলায় এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নাই। মেলা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)