স্টাফ রিপোর্টার
, যশোর
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে যশোরের ঝিকরগাছায় মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
রোববার (১৬ আগস্ট) গদখালী মোড় চত্বরে মহিলা পরিষদ ঝিকরগাছা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে।
ঘরে-বাইরে কোথাও নারীরা নিরাপদ নয়। বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব নির্যাতন বন্ধ হচ্ছে না।
বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি নারীর উন্নয়ন ও নিরাপত্তায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আফরোজা বেগম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সভাপতি হাবিবা শেফা, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস এবং মহিলা পরিষদ জেলা কমিটির লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুননাহার কনা।