সুবর্ণভূমি ডেস্ক
আগামী ৭ থেকে ২১ সেপ্টেম্বর দাবিপক্ষ পালন করবে জাতীয় কৃষক-খেতমজুর সমিতি।
আমন ধান উৎপাদন মৌসুমে সার ও ডিজেলের সংকট এবং বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ে কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন। কৃষকদের এই সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী ‘দাবি পক্ষ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কৃষক-খেতমজুর সমিতি।
বুধবার বিকেলে জাতীয় কৃষক-খেতমজুর সমিতি যশোর জেলা কার্যালয়ে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক-খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম-উর-রহমান, আব্দুর সবুর, শাহাবুদ্দিন বাটুল, সাধন বিশ্বাস, পলাশ বিশ্বাস সুমন করসহ সংগঠনের অন্যান্য নেতারা।
সভায় নেতারা বলেন, দেশে বর্তমানে আমন ধান উৎপাদনের মৌসুম চলছে। কিন্তু মৌসুমের শুরু থেকেই কৃষকরা সার সংকটে ভুগছেন। অন্যদিকে, বিদ্যুতের অব্যাহত লোডশেডিং ও ডিজেলের সংকট কৃষকদের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে। দেশের প্রধান খাদ্য ধান। তাই, ধান উৎপাদন ব্যাহত হলে শুধু কৃষকই ক্ষতিগ্রস্ত হবেন না, এর নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেও।
তারা আরও বলেন, সার সংকটের অন্যতম কারণ হিসেবে জনগণের ডিলার পর্যায়ে অনিয়ম ও কৃত্রিম সংকটের অভিযোগ রয়েছে। অতীতেও বিএনপি সরকারের আমলে দেশে সার সংকটের কারণে কৃষকদের দুর্ভোগে পড়তে হয়েছে। তাই, জরুরি ভিত্তিতে প্রকৃত কৃষকদের কাছে প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় প্রকৃত কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা, সার ও ডিজেলের সংকটের সমাধান এবং বিদ্যুতের লোডশেডিং বন্ধসহ কৃষকদের বিভিন্ন স্থানীয় দাবি বাস্তবায়নের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে পথসভা, মিছিল ও সভা-সমাবেশ কর্মসূচি পালন করা হবে। এছাড়া বিভিন্ন হাট-বাজারে হাটসভা অনুষ্ঠিত হবে।
আগামী ২১ সেপ্টেম্বর কৃষকদের দাবিসংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর প্রদান করা হবে। নেতারা অবিলম্বে কৃষকদের স্বার্থে সার, ডিজেল ও বিদ্যুৎ সরবরাহের সংকট নিরসন এবং কৃষি উৎপাদন নির্বিঘ্ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি