ঝিনাইদহ প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপি অনুসারী ঝিনাইদহের একটি পরিবার। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিএনপি নেতা আব্দুল খালেক।
তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হাজী আরশাদ আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং জেলা বিএনপির পরিবেশবিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক।
লিখিত বক্তব্যে আব্দুল খালেক বলেন, ‘আমার ভাতিজা রাকিব হাসান বন্ধন একজন ব্যবসায়ী ও ইউনিয়নভিত্তিক সারের ডিলার নিয়োগের প্রার্থী। সম্প্রতি একটি কুচক্রী মহল আমার ভাতিজাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পূর্ণ ভুয়া তথ্য ছড়াচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে যে, আমার ভাতিজা ২০২৩ সালে আট নম্বর পাগলাকানাই ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য ছিলেন। কিন্তু আমার ভাতিজা রাকিব কখনোই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন না।’
তিনি আরও বলেন, "যে তালিকা দেখিয়ে তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, সেখানে নাম আছে 'বন্ধন মিয়া' নামে অন্য কোনো এক ব্যক্তির। আমার ভাতিজার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার পুরো নাম মো. রাকিব হাসান বন্ধন। কেবল নামের শেষের আংশিক মিলকে পুঁজি করে অন্য একজনের পরিচয় তার ওপর চাপিয়ে দিয়ে এই মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়া আমার মৃত ভাইয়ের স্ত্রী ও রাকিব হাসান বন্ধনের মা জুলিয়া খাতুনের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে যে তিনি ওয়ার্ড যুবমহিলালীগের সভাপতি, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।"
‘বর্তমানে বিভিন্ন ইউনিয়নে সার ডিলার নিয়োগের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চলমান আছে। সম্পূর্ণ অহেতুক ও ভিত্তিহীনভাবে এই নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতেই একটি অসাধু মহল পরিকল্পিতভাবে আমার ভাতিজাকে নিয়ে এই নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে,’ অভিযোগ করেন তিনি।
বিগত ছাত্র-জনতার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাকিব হাসান বন্ধনের অবস্থান স্পষ্ট ও জোরালো ছিল এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে তার সক্রিয় উপস্থিতির সমস্ত তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।