স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডের দুই হাজার ৬৩৫ কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়।
একই সঙ্গে ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের দুই হাজার ৪০৪ কৃষককে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
যশোর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে হৈবতপুরের আবদুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে নির্বাচিত কৃষকদের হাতে কার্ড তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক এই তথ্য নিশ্চিত করেছেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে উপকারভোগীদের ফোনে অর্থ পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস উপস্থিত ছিলেন।