মাগুরা প্রতিনিধি
মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
ছবি:
সংস্কৃতিবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলেছেন, ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। ভাটিয়ালি, বাউল, জারি, সারি, মুর্শিদি, লালনগীতি ও ভাওয়াইয়ার মতো লোকসংগীতের পাশাপাশি কাবাডি, লাঠিখেলা, নৌকাবাইচ, কুস্তি, দাঁড়িয়াবান্দা, গোল্লাছুট, সাপখেলা, ঝাপান খেলা ও গ্রামীণ মেলা একসময় বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল। এসব ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এগুলো পুনরুদ্ধারে সংস্কৃতি মন্ত্রণালয় নানা কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি বলেন, প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলাগুলো ফিরিয়ে আনতে হবে। যুবসমাজের মধ্যে এসব খেলার প্রতিযোগিতা আরও বাড়াতে হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা সম্ভব।
পালিয়ে যাওয়া স্বৈরাচার বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে উল্লেখ করে তিনি বলেন, এটি সম্ভব হবে না। আইন আইনের গতিতে চলবে। বর্তমান সরকার এ ধরনের সুযোগ দেবে না।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় মাগুরা জেলা পুলিশের আয়োজনে স্থানীয় নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ ও মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
আয়োজকরা জানান, উৎসবমুখর পরিবেশে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়েছে। দিনব্যাপী এ প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে মোট আটটি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় শালিখা ও মোহাম্মদপুর মুখোমুখি হয়।
এর আগে সংস্কৃতিবিষয়কমন্ত্রী নোমানী ময়দানের উত্তর পাশে মাগুরা কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।