ঝিনাইদহ প্রতিনিধি
ফাঁসির দড়ির ভয়ে শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার চলমান গুঞ্জন উড়িয়ে দিয়ে রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তার মূল নির্দেশদাতা শেখ হাসিনা। যার জন্য আদালতে ফাঁসির দড়ি প্রস্তুত রাখা আছে, সে দেশে ফিরে নিজে সেই দড়িতে ঝুলবে—একটা মানুষ এত বোকা হতে পারে না। শেখ হাসিনা ভারতে পালিয়েছেন আত্মরক্ষার জন্য, বাংলাদেশে ফেরার জন্য নয়।’
আওয়ামী লীগের ক্ষমা চাওয়া ও রাজনৈতিক সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের অপরাধ ক্ষমার অযোগ্য, তাই তারা ক্ষমা চাইলো কি চাইলো না, তাতে জনগণের কিছু যায় আসে না।’
সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর সমালোচনা করে রাশেদ খান বলেন, জুলাই শহীদদের তাজা রক্ত মাড়িয়ে তারা কীভাবে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন? শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে কোনো আপস করা হবে না।
জামায়াত ও শিবিরের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের আমির অভ্যুত্থানের এক মাসের মধ্যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে চেয়েছিলেন। ক্ষমতার জন্য জামায়াত আওয়ামী লীগের সঙ্গে হাত মেলাতেও দ্বিধা করবে না।
গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, হাসিনা খেদাও আন্দোলনে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছেন। রাজপথে জীবন বিলিয়ে দেওয়া এই নেতাকর্মীদের অবদান জনগণের কাছে পৌঁছে দিতেই তিনি দেশব্যাপী জুলাই শহীদদের মাজার জিয়ারত ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন।
এর আগে উজির আলী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং কলেজের অধ্যক্ষ নাহিদা আক্তার।