স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার চানপাড়া পূর্বপাড়ার মাঠে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে দুই যুবককে আটক করে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাঘারপাড়া উপজেলার ধর্মগাতি গ্রামের হেলাল খন্দকার (৩৩) ও আর্গাইল গ্রামের গোলাম রসুল (২৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৭ অক্টোবর ভোর ৪টার দিকে চানপাড়ার মাঠের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের তিনটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করে আসামিরা। স্থানীয় লোকজন টের পেয়ে ধাওয়া করে ভোর সাড়ে ৫টার দিকে ফতেপুর গ্রাম থেকে তাদের আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের হেফাজতে নেয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হামকুড় বাজারের পাশের একটি মাছের ঘের থেকে চুরির কাজে ব্যবহৃত হ্যাসকো ব্লেড, স্ক্রুড্রাইভার, তামার কয়েল ও লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চিকিৎসা শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।