মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আখতারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা বিএনপি ও মহিলাদল।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মেহেরপুর সার্কিট হাউসে পৌঁছালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। মহিলাদলের সভাপতি রোমানা আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ।
অ্যাডভোকেট শওকত আরা আখতার তিন দিনের সফরে মেহেরপুরে এসেছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
এ ছাড়া জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলোচনা এবং সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে তার।