খুলনা অফিস
হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।
দাকোপের নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন তিনি। দুপুর ১২টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার জেটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে দুপুর ১টায় তার মধ্যাহ্নবিরতির কর্মসূচি রয়েছে। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ সভায় যোগ দেবেন তিনি।
এর আগে, আজ সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে ঢাকার তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টায় হেলিকপ্টার থেকে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের নান্দনিক এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
বিকেলের কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা (BEZA) অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
বেলা সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে। সফর শেষে আজ বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।