খুলনা অফিস
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জোট নেতারা—
ছবি:
আগামী ৩১ অক্টোবর ১১-দলীয় ঐক্যের ডাকে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাত দফা দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে দুটি জনসভা ও ছয়টি পথসভা অনুষ্ঠিত হবে।
লংমার্চ সফল করতে এবং রাজপথে ব্যাপক জনসমাগম ঘটাতে খুলনায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচি সফল করার লক্ষ্যে ইতোমধ্যে ১৭টি উপকমিটি গঠন করা হয়েছে এবং বিভাগভিত্তিক অর্পিত দায়িত্ব পালন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমির ও ঐক্যজোট নেতা মাহফুজুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, লংমার্চের অংশ হিসেবে খুলনার শিববাড়ী মোড়ের বাবরী চত্বর ও ফুলতলা বাসস্ট্যান্ডে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে জনসভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। পরে বিভিন্ন স্থানে ছয়টি পথসভা এবং কুষ্টিয়ায় আরেকটি জনসভার মধ্য দিয়ে তৃতীয় দফার এই লংমার্চ কর্মসূচি শেষ হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, লংমার্চের গাড়িবহরে এক হাজারের বেশি পাজেরো, হাইয়েস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন যুক্ত থাকবে। খুলনার প্রবেশপথ থেকে শুরু করে ফুলবাড়ীগেট পর্যন্ত ১৭টি পয়েন্টে লংমার্চকে স্বাগত জানানো হবে। শিববাড়ী মোড় ও আশপাশের এলাকায় ২০০টি মাইক লাগানো হবে।
এ ছাড়া কর্মসূচি উপলক্ষে ২০টি তোরণ, ১০০টি বড় আকারের বিলবোর্ড এবং সাড়ে ১৩ হাজার প্যানা তৈরি করা হয়েছে। লংমার্চ সফল করার লক্ষ্যে প্রায় তিন লাখ লিফলেট ও পর্যাপ্ত ফেস্টুন বিতরণ করা হচ্ছে। শিববাড়ী মোড়ের পথসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এবং তা জনসভায় রূপান্তরিত হবে বলে তারা আশা করছেন।
আইন ও শৃঙ্খলা রক্ষায় এক হাজার ২০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। মূল পথসভাস্থলে ৪৫/২৪ বর্গফুটের একটি বিশাল মঞ্চ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, এনসিপির মহানগর আহ্বায়ক আহম্মদ হামিম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতি শরীফ সাইদুর রহমান, লেবার পার্টির সভাপতি অধ্যক্ষ মো. সাইফুদ্দোহা, বিডিপির মহানগর সভাপতি অ্যাডভোকেট মো. হানিফ উদ্দিন, জাগপার সভাপতি খান মো. রাশেদ, মহানগরী জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান প্রমুখ।