লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি লোহাগড়া শহরের সিঅ্যান্ডবি চৌরাস্তা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মিলু শরীফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস রহমান ও জামশেদ আলম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ আহাদুজ্জামান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল রানা লাক্সমী ও পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা।
বক্তারা যুবদলের দীর্ঘ রাজনৈতিক গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করে আগামী দিনে দলের হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।