ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় ঝিকরগাছা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান মন্টু। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার।
বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম, মুক্তিযুদ্ধে তার অবদান, দেশপ্রেম ও রাজনৈতিক নেতৃত্ব নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং গণতন্ত্রের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসী নেতৃত্ব ও রাষ্ট্র গঠনে অবদান বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।
তার আদর্শ ধারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, যশোর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, নাজমুল হক নাজু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহীন আলম বিপ্লব ও ছাত্রদলনেতা আরাফাত কোমল।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা সভা পরিচালনা করেন।