বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বেনাপোল পৌর বিএনপির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। এতে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু।
এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দলের প্রতি তার অবদান ও বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন।
তারা বলেন, দলের দুঃসময়ে তরিকুল ইসলামের ভূমিকা নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।