স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ১১১ জনের আবেদন জমা পড়েছে। এসব আবেদন যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে প্রথম দিনে পাঁচটি ইউনিয়নের ৩৮ জন সম্ভাব্য প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে যশোর জেলা বিএনপি।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের লালদীঘির পাড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কর্মসূচিতে রামনগর, নরেন্দ্রপুর, কচুয়া, বসুন্দিয়া ও ফতেপুর ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নেন।
সাক্ষাৎকার গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সিনিয়র নেতা অ্যাডভোকেট মো. ইসহাক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, সদর উপজেলা সহসভাপতি আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুর জামান মিঠু।
সাক্ষাৎকারে মনোনয়নপ্রত্যাশীরা দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, মামলা-হামলার শিকার হওয়ার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে দল যাকে চূড়ান্তভাবে সমর্থন দেবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সুবর্ণভূমিকে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার পাশাপাশি দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা রয়েছে, এমন ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হবে। একাধিক যোগ্য প্রার্থী থাকলেও সার্বিক দিক বিবেচনা করে অধিকতর যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সুবর্ণভূমিকে বলেন, আসন্ন নির্বাচন দলীয় প্রতীকে না হলেও সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে দলসমর্থিত একজন প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও দলের ঐক্য অটুট রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রথম দিনের সাক্ষাৎকারে রামনগর ইউনিয়ন থেকে অংশ নেন ডা. আব্দুল আজিজ, মারুফ হোসেন, মিজানুর রহমান বাবলু, মোহাম্মদ মাছুদুর রহমান শামীম, ইনছার আলী বিশ্বাস, আসাদ উজ্জামান, রাজু ইসলাম (রাজু আহমেদ), জি এম মোস্তাফিজুর রহমান টগর, রমজান আলী ও এস এম শামীম।
নরেন্দ্রপুর ইউনিয়ন থেকে অংশ নেন আবদুস সালাম বিশ্বাস, মাসুদ পারভেজ রাসেল, সোহেল রানা তোতা ও রেজাউল ইসলাম।
ফতেপুর ইউনিয়ন থেকে সাক্ষাৎকার দেন জাহাঙ্গীর হোসেন, রবিউল ইসলাম, নাজমুল হোসেন বাবুল, হাফিজুর রহমান ও আবুল হাশেম।
বসুন্দিয়া ইউনিয়ন থেকে অংশ নেন অ্যাডভোকেট নুরুজ্জামান খান, কাজী আব্দুল আজিজ, মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, শফিয়ার রহমান, মো. রেজাউল ইসলাম ও মশিয়ার রহমান।
কচুয়া ইউনিয়ন থেকে সাক্ষাৎকারে অংশ নেন আব্দার হোসেন খান, মশিয়ার রহমান, একরাম হোসেন, কামাল হোসেন, আমির হোসেন, রেজাউল ইসলাম, জিল্লুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন, হাফিজুর রহমান খান, মোহাম্মদ আসাদুজ্জামান, বেলাল আহমেদ ও মো. আজাদ।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন পাঁচটি করে ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার কর্মসূচি রয়েছে। এ প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেওয়ার জন্য প্রার্থী বাছাই সম্পন্ন করা হবে।
সাক্ষাৎকার চলাকালে দলীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে কুশলবিনিময় করেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।