যশোর, বাংলাদেশ || বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আওয়ামী লীগ নেতাকে ডিম ও কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৯:৩৫ এ এম
আওয়ামী লীগ নেতাকে ডিম ও কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

Subornovumi ভিডিও থেকে নেওয়া— ছবি:

রাজধানীর পল্টন এলাকা থেকে জাভেদ দিদার নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

পুলিশে দেওয়ার আগে ওই নেতাকে সেদ্ধ ডিম, পানি ও কফি খাওয়ান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে পল্টন এলাকা থেকে জাভেদ দিদারকে আটক করেন নয়ন ও তার অনুসারীরা। পরে তাকে পল্টন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিন রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করেন রবিউল ইসলাম নয়ন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘নাশকতার পরিকল্পনাকালে পল্টন থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে হাতেনাতে ধরে ডিম, পানি এবং কফি খাইয়ে পুলিশে সোপর্দ।’

৫ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রাতে নেতা-কর্মীদের নিয়ে জাভেদ দিদারকে আটক করেন নয়ন। আটকের পর ওই ব্যক্তির পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান তিনি। কথোপকথনের একপর্যায়ে জাভেদ দিদার জানান, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

এরপর নয়নকে বলতে শোনা যায়, তিনি একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; ধরার পর তাকে ডিম খাওয়ানো হচ্ছে। এ সময় সঙ্গে থাকা একজন একটি ডিম নয়নের দিকে এগিয়ে দেন। প্রথমে জাভেদ দিদার ডিম খেতে অস্বীকৃতি জানালে নয়ন বলেন, ‘আপনিও খান, আমিও খাই।’ এরপর জাভেদ দিদার ডিমটি মুখে দেন এবং নয়নও একটি ডিম খান। এভাবে আওয়ামী লীগের ওই নেতাকে দুটি ডিম খাওয়ানো হয়। ডিম খাওয়া শেষ হলে নয়ন সঙ্গে থাকা একজনকে পানির বোতল আনতে বলেন।

ভিডিওতে আরও দেখা যায়, ডিম খাওয়ানোর পর জাভেদ দিদারকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন যুবদল নেতা নয়ন। হাঁটতে হাঁটতে নয়ন অভিযোগ করেন, ‘তিনি শেখ হাসিনার আগমন উপলক্ষে গুলিস্তানের আশপাশে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাই মামাকে নিয়ে আসলাম। যাতে উনার শক্তি হয়, এ জন্য দুইটা ডিম খাওয়াইছি। পানির বোতল দিছি। সসম্মানে মামাকে নিয়ে যাচ্ছি।’ এ সময় নয়নের সঙ্গে থাকা নেতা-কর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’ ও ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’ বলে স্লোগান দেন।

ভিডিওতে নয়ন আরও বলেন, ‘ইনশা আল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের ভেতর যে লোকটাই স্বৈরাচারের দোসর হিসেবে নাশকতার পরিকল্পনা করবে, তাদের ছাড় দেওয়া হবে না।’

ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, আওয়ামী লীগের ওই নেতাকে একটি কফিশপে নিয়ে যান নয়ন। সেখানে চেয়ারে বসিয়ে তাকে কফি খাওয়ান এবং নিজেও মুখে তুলে খাইয়ে দেন। এ সময় আওয়ামী লীগ শাসনামলে বিএনপি ও যুবদল নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর পুলিশ ও আওয়ামী লীগ নেতারা কেমন আচরণ করতেন, সে প্রসঙ্গ তোলেন তিনি। নিজের অভিজ্ঞতা উল্লেখ করে নয়ন জানান, বিগত সরকারের আমলে তিনি একটানা ৭৭ দিন রিমান্ডে ছিলেন।

ভিডিওর শেষে আটক ওই নেতাকে ভয় না পাওয়ার আশ্বাস দেন নয়ন। পরে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত হলে জাভেদ দিদারের মুঠোফোন ফিরিয়ে দিয়ে তাকে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটকের পর জাভেদ দিদারকে থানায় আনা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)