গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ মে) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খানের সভাপতিত্বে মিছিলটি শহরের সামুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম, জামায়াতের মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, গাংনী উপজেলা আমীর রবিউল ইসলাম, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী এবং মেহেরপুর পৌর আমীর সোহেল রানা।
বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত স্পষ্টভাবে ব্যক্ত করেছে। সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।