মাগুরা প্রতিনিধি
অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী দ্বিতীয়বারের মতো সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম গেটে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ গণসংবর্ধনা ও মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়।
বেলা ১১টার দিকে অ্যাড. নেওয়াজ হালিমা আরলী কামারখালীর গড়াই সেতু পার হয়ে শ্রীপুরের ওয়াপদা বাজারে পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।
পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলের মাধ্যমে তাকে সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় গেটসংলগ্ন পাবলিক লাইব্রেরির সামনে নির্মিত সংবর্ধনা মঞ্চে নিয়ে আসা হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আব্দুর রশিদ ও মো. ফারুকুজ্জান ফারুক, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়েত হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সী রেজাউল করিম, খোন্দকার আশরাফুল ইসলাম নালিম, মোল্লা খলিলুর রহমান এবং মাসুদ মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, কৃষক দলের আহ্বায়ক রুমানুর রহমান বিপ্লব, মহিলা দলের আহ্বায়ক শাহনাজ ফেরদৌস হ্যাপি, কৃষক দলের সাধারণ সম্পাদক সুজন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সেলিম রেজা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংবর্ধনার জবাবে অ্যাড. আরলী এমপি বলেন, মাগুরা ও শ্রীপুরের মানুষ আজ যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল। এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা। সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং আমি একসঙ্গে মাগুরার উন্নয়ন তথা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবো।