নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি ও সদস্যসচিব মামুন গাজীর নেতৃত্বে শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। জেলাজুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষাবান্ধব ও মাদকমুক্ত ছাত্ররাজনীতির প্রত্যয় ব্যক্ত করেন নতুন আহ্বায়ক।
বিকেল ৫টার পর নড়াইল জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা নতুন কমিটির নেতৃবৃন্দকে স্বাগত ও দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নবগঠিত আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, ছাত্ররাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে হলে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো মাদকসেবীর স্থান ছাত্রদলে হবে না বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত উদ্যোগে নড়াইলের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে কলম উপহার দেওয়ার পরিকল্পনার কথাও জানান।

ছাত্রলীগের সমালোচনা করে তিনি বলেন, ‘অতীতে শিক্ষার্থীদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। ছাত্রদল সেই ধারার সম্পূর্ণ বিপরীত। একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় শক্তি তার কলম।’
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, খন্দকার মাহমুদুল হাসান সনি ও মামুন গাজীর নেতৃত্বে নড়াইল জেলা ছাত্রদল আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।