মাগুরা প্রতিনিধি
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত ‘জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট মাগুরা জেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ১২টায় শহরের চৌরঙ্গী মোড়ে (মাগুরা প্রেসক্লাবের সামনে) এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে 'Agreement on Reciprocal Trade (ART)' নামে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে, যা দেশের অর্থনীতি, কৃষি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।
তারা অবিলম্বে এ চুক্তি বাতিলের দাবি জানান এবং অন্যথায় কঠোর গণআন্দোলনের হুঁশিয়ারি দেন।
বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মাগুরার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান প্রমুখ।
প্রকৌশলী শম্পা বসু বলেন, একটি অনির্বাচিত সরকারের দায়িত্ব মূলত রুটিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু সরকার জনগণকে না জানিয়ে এমন একটি চুক্তি করেছে, যার মেয়াদ আগামী ১৫ বছর পর্যন্ত বিস্তৃত এবং যা দেশের দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গে জড়িত।
তিনি এ চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।